spot_img

১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

জামিয়া ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক আল্লামা আবু তাহের নদভীর ইন্তেকাল

চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার মহাপরিচালক প্রখ্যাত আলেম আল্লামা মুফতি মাওলানা আবু তাহের নদভী (রহ.) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সোমবার (৩০ মার্চ) দুপুর ১টা ৪০ মিনিটে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

তার ইন্তেকালের খবরে পটিয়াসহ সারাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে শোকের ছায়া নেমে আসে। মাদরাসা প্রাঙ্গণে জড়ো হন হাজারো শিক্ষার্থী, শিক্ষক ও ভক্তরা। তাদের মধ্যে বিরাজ করছে গভীর শোক ও কান্নার আবহ। দীর্ঘদিন ধরে তিনি একজন শিক্ষক, অভিভাবক ও আলেম-উলামাদের প্রেরণার উৎস হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন।

মাদরাসা সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ১১টায় মাদরাসা মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

আল্লামা আবু তাহের নদভীর মৃত্যুতে দক্ষিণ জেলা জামায়াতের শোক

জামিয়া ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক আল্লামা মুফতি আবু তাহের নদভীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরী এবং সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা বদরুল হক।

শোকলিপিতে নেতৃবৃন্দ বলেন, জামিয়া ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক আল্লামা মুফতি আবু তাহের নদভী সাহেবের ইন্তেকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গেছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তাঁর অনেক অবদান রয়েছে। মরহুমের মৃত্যুতে আমরা গভীর শোকাহত। আল্লাহ তার জীবনের সমস্ত ভুলত্রুটি ক্ষমা করে নেক আমলে পরিণত করে দিন। জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ স্থান দান করুন। আর শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও আত্মীয় স্বজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। পরিবারের সবাইকে সবরে জামিল দান করুন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss