ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমানের আদালত ৫০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী) বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত বুধবার আদালতে সাক্ষ্যগ্রহণের দিন উপস্থিত না থাকায় পরীমণির জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত। অসুস্থতার কারণে আদালতে হাজির হতে না পারায় আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করা হয়েছিল, যা নামঞ্জুর করা হয়। পরে আজ স্বেচ্ছায় আদালতে হাজির হয়ে জামিন নেন তিনি।
মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২১ সালের ৬ জুলাই সাভার বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার অন্য আসামিরা হলেন– পরীমণির সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদী জিমি।
আরও পড়ুন: আমাদের সংসার ভাঙলে দায়ী হবে সুনেরাহ: পরীমণি
বাদীর অভিযোগে বলা হয়, ২০২১ সালের ৯ জুন রাতে সাভার বোট ক্লাবে প্রবেশ করে পরীমণি বিনা মূল্যে অ্যালকোহলের বোতল পার্সেল চান। এতে রাজি না হওয়ায় বাদীর দিকে গ্লাস ও মোবাইল ছুড়ে মারা হয়, যার ফলে তিনি আহত হন। এছাড়া আসামিরা মারধর, ভাঙচুর ও হত্যার হুমকি দিয়েছেন বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। তদন্ত শেষে পিবিআই পরীমণি ও জিমির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়ে প্রতিবেদন দাখিল করে। এর ধারাবাহিকতায় মামলাটি বর্তমানে আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে।
চস/স


