spot_img

১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ডেস্ক রিপোর্ট

সর্বশেষ

নিউইয়র্কে ট্রাকচাপায় বাংলাদেশি তরুণী নিহত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় বাংলাদেশি এক তরুণী নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (২৯ মার্চ) রাত ১২টার দিকে জ্যাকসন হাইটসের কাছে উডসাইড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তরুণীর বয়স ১৯ বছর। তার নাম নিশাত জান্নাত।

তিনি নিউইয়র্ক সিটি কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি জ্যামাইকায় পারসন্স বুলেভার্ডে একটি পার্কিং গ্যারেজে রিসেপশনিস্ট হিসেবে কাজ করতেন।

ময়লার ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় জানিয়ে পুলিশ বলছে, ট্রাকটি রুজভেল্ট অ্যাভিনিউ ধরে পশ্চিমমুখী ছিল এবং ৬২ স্ট্রিটের উত্তরমুখী লেইনে ডান দিকে মোড় নেওয়ার সময় নিশাতকে আঘাত করে। ঘটনাস্থলেই জরুরি চিকিৎসাসেবা (ইএমএস) কর্মীরা তাকে মৃত ঘোষণা করেন।

নিশাতের বড় বোন নওশিন জান্নাত বলেন, ‘আমার বোন খুব আশাবাদী ছিল। সবার সঙ্গে কথা বলত এবং আল্লাহর ওপর ভরসা রাখতে বলত।’

নিশাতদের বাড়ি সিলেটের গোলাপগঞ্জের উত্তর ঘরগাঁওয়ে। তার বাবা হেলাল উদ্দিন স্থানীয় উডসাইডে বায়তুল জান্নাহ মসজিদের ইমাম।

তিনি বলেন, সুন্দর ভবিষ্যতের প্রত্যাশায় আট বছর আগে এসেছি নিউ ইয়র্কে। ৪ কন্যার দ্বিতীয় ছিল নিশাত। সিটি কলেজ অব নিউ ইয়র্কে পড়াশোনার পাশাপাশি কাজ করছিল।

হেলাল জানান, মঙ্গলবার বাদ জোহর বায়তুল জান্নাহ মসজিদে নিশাতের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে দাফন করা হবে নিউইয়র্কেই।

ট্রাকটির চালক ৩৮ বছর বয়সি এক নারী ঘটনাস্থলেই ছিলেন এবং সামান্য আঘাতের জন্য তিনি চিকিৎসা নেন। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। নিউইয়র্ক পুলিশের হাইওয়ে ডিস্ট্রিক্টের কলিশন ইনভেস্টিগেশন স্কোয়াড ঘটনাটি তদন্ত করছে।

ট্রাকটির মালিক কোম্পানি রয়্যাল ওয়েস্ট সার্ভিসেস এক বিবৃতিতে বলেছে, তদন্তে তারা পুলিশকে সহযোগিতা করছে।

প্রতিষ্ঠানটির মূল কোম্পানি ওয়েস্ট কানেকশন্সের এক মুখপাত্র বলেন, কুইন্সে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। নিহতের পরিবার ও স্বজনদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss