spot_img

১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সোমবার
২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রীকে হত্যার অভিযোগ, গ্রেপ্তার স্বামী

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় স্বামীর পরকীয়া সম্পর্কের প্রতিবাদ করায় মীম আক্তার (২২) নামের এক গৃহবধূকে গায়ে আগুন দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, চাঁদপুরের কচুয়া উপজেলার বাসিন্দা মীমের সঙ্গে প্রথম স্বামীর বিচ্ছেদের পর প্রায় চার মাস আগে সীতাকুণ্ডের ফৌজদারহাটের তরিকুল ইসলামের ছেলে মেহেদী হাসানের বিয়ে হয়। তারা নগরের ডবলমুরিং থানার নাজিরপুল এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন এবং তাদের একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকেই অন্য এক নারীর সঙ্গে মেহেদীর পরকীয়া সম্পর্ক নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো।

পরিবার জানায়, ঘটনার আগের দিন মেহেদীর একটি আপত্তিকর ভিডিও নিজের মায়ের মুঠোফোনে পাঠিয়েছিলেন মীম। গত শনিবার ভোর সাড়ে চারটার দিকে এই বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মীমের চিৎকার শুনে স্বজনেরা এগিয়ে এসে তার শরীরে আগুন জ্বলতে দেখেন। ঘরে স্বামী মেহেদীও উপস্থিত ছিলেন।

পরে গুরুতর দগ্ধ অবস্থায় মীমকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতেই তিনি মারা যান।

এ ঘটনায় রোববার সকালে নিহতের বাবা খোকন মিয়া বাদী হয়ে ডবলমুরিং থানায় হত্যা মামলা দায়ের করেন। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ফয়সাল জানান, পরকীয়ার জেরে স্ত্রীর গায়ে আগুন দেওয়ার অভিযোগে মামলা দায়েরের পর তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে স্বামী মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss