চট্টগ্রামের বাঁশখালীতে রেহেনা বেগম (৬২) নামে এক মাকে গলা কেটে হত্যার ঘটনায় ছেলে ও পুত্রবধূ গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (১ এপ্রিল) বিকেলে চকরিয়া থানার লক্ষ্যারচর ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- নিহতের ছেলে মোহাম্মদ কাশেম (২৮) ও তার স্ত্রী নার্গিস আক্তার (২৫)।
পুলিশ জানায়, ২০২৫ সালের ৫ জুন বৈলছড়ি ইউনিয়নের পূর্ব বৈলছড়ি গ্রামের দুবাই প্রবাসী ছেলের পাঠানো টাকা নিয়ে ছোট ছেলে কাশেমের সাথে মা রেহেনা বেগমের সাথে বাকবিতণ্ডা হয়। পরদিন ৬ জুন সকালে ঘর থেকে রেহেনা বেগমের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। পরে মা রেহেনা বেগমকে হত্যার দায়ে ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহম্মদ খালেদ সাইফুল্লাহ বলেন, পূর্ব বৈলছড়ি গ্রামে নিজ মাকে হত্যার দায়ে ছেলে মোহাম্মদ কাসেম ও পুত্রবধূ নার্গিস আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পর থেকে তারা পলাতক ছিল। আজ বৃহস্পতিবার জেল হাজতে পাঠানো হয়েছে।
চস/স


