টেকনাফে বাংলাদেশ নৌবাহিনীর একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও আগ্নেয়াস্ত্রসহ মো. নরুল কবির নামে এক পরোয়ানাভুক্ত আসামিকে আটক করা হয়েছে। আজ সোমবার (৪ মে) ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের আলিখালি এলাকার একটি ইটভাটায় এই সফল অভিযান পরিচালিত হয়।
গোপন তথ্যের ভিত্তিতে নৌবাহিনী কন্টিনজেন্টের একটি দল আলিখালি এলাকার একটি ইটভাটায় তল্লাশি চালায়। এসময় ইটভাটার মাটির নিচে অত্যন্ত সুপরিকল্পিতভাবে পুঁতে রাখা অবস্থায় ৫ কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং ১ লক্ষ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ কোটি টাকা।
মাদকের পাশাপাশি ওই স্থান থেকে ০২টি বিদেশি পিস্তল, ০২টি ম্যাগাজিন এবং ০৪ রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়েছে। অভিযানে আটক নরুল কবিরের বিরুদ্ধে একাধিক অস্ত্র ও মাদক মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে নিশ্চিত করেছে নৌবাহিনী।
নৌবাহিনী সূত্র জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য, আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সংক্রান্ত আইনানুগ কার্যক্রম এবং আটক আসামিকে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
চস/স


