চট্টগ্রামের হাটহাজারীতে সিএনজিচালিত অটোরিক্সার ওয়ার্কশপের আড়ালে অবৈধ অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ দু’জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
সোমবার (৩১ আগস্ট) রাতে মির্জাপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- ওই এলাকার মৃত চান মিয়ার ছেলে মো. জামাল হোসেন এবং মৃত আব্দুল মালেকের ছেলে মো. কবির।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ গণমাধ্যমকে জানান, ঘটনাস্থলে অস্ত্র তৈরির সময় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সিএনজি অটোরিক্সার ওয়ার্কশপের আড়ালে অস্ত্র তৈরির কারখানা থেকে দেশীয় পেনগানসহ ৫টি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অস্ত্রগুলো কোথায় সরবরাহ করা হতো, কারা এই অস্ত্র তৈরির সঙ্গে জড়িত এবং দীর্ঘদিন ধরে ওই স্থানে অস্ত্র তৈরির কার্যক্রম চলছিল কি না—এসব বিষয় খতিয়ে দেখতে তদন্ত করেছে পুলিশ।
চস/স


