পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিকে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে সীতাকুণ্ডের একটি আবাসিক হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো-মোহাম্মদপুরের বহিষ্কৃত যুবদল নেতা রিপন ওরফে রিপন মাস্টার এবং বাদল ওরফে কাইল্লা বাদল।
চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, মোহাম্মদপুর থানা পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
তবে গত এপ্রিলে রাজধানীর নিউ মার্কেটে টিটনকে গুলি করে হত্যার মামলায় তাদের গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন।
তিনি জানান, তারা মূলত রাজধানীর বসিলার একটি ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা দাবি করে না পেয়ে সেখানে গুলি করার ঘটনায় করা মামলার আসামি। ওই মামলায় তাদের খোঁজা হচ্ছিল। এরই ধারাবাহিকতায় আমাদের দেওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।
মোহাম্মদপুর থানা পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে ওই এলাকায় বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে গ্যাং হোতা এ্যালেক্স ইমন হত্যা মামলাসহ হত্যা, চাঁদাবাজি ও দখল-বাণিজ্যের অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে।
চস/স


