চট্টগ্রামের রাউজান উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও রাউজান থানা পুলিশের যৌথ দল। পুলিশের দাবি, গ্রেপ্তার তিনজন শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত রায়হানের সহযোগী।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার কদলপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মীর বাগিচা মুনিরিয়া যুব তাবলিক নির্মাণাধীন মাদ্রাসার সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন– মো. শাহাদাত হোসেন সাজ্জাদ (৩০), মো. জাফর (৩৮) ও মো. সাফায়েত হোসেন সিফাত (১৯)। তাদের সবার বাড়ি রাউজানে।
পুলিশ জানায়, সোমবার রাতে রাউজান থানা পুলিশের একটি টহল দল রাত্রিকালীন স্পেশাল-৮ ডিউটিতে দায়িত্ব পালন করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে, কদলপুর ইউনিয়নের ওই এলাকায় একদল ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছে। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও তিনজনকে গ্রেপ্তার করা হয়।
তাদের তল্লাশি করে একটি দেশীয় তৈরি এলজি, দুটি সীসা কার্তুজ, একটি রামদা ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহাদাত হোসেন সাজ্জাদ ও মো. জাফর রায়হানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে তার নির্দেশনায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তারা বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা আদায়, অবৈধভাবে বালু উত্তোলন এবং বালু উত্তোলন থেকে পাওয়া অর্থ সংগ্রহ করে রায়হানের কাছে পৌঁছে দিত বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তিনি আরও বলেন, সাফায়েত হোসেন সিফাত রায়হানের নিয়ন্ত্রণাধীন একটি কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিত বলে জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে। ওই গ্যাংয়ের সদস্যরা এলাকায় ভয়ভীতি প্রদর্শন, বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সহযোগিতা এবং রায়হানের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন কাজে সক্রিয় ভূমিকা পালন করত।
পুলিশ জানিয়েছে, রায়হানের নেতৃত্ব ও নির্দেশনায় পরিচালিত অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে অনুসন্ধান চলছে। তাদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। সবশেষ ঘটনায় ডাকাতির প্রস্তুতি ও অবৈধ অস্ত্র রাখার অভিযোগে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে রাউজান থানায় পৃথক মামলা করা হয়েছে।
চস/স


