মালয়েশিয়ায় কর্মসংস্থানে যেতে আগ্রহীদের বহুল প্রত্যাশিত স্বাস্থ্য পরীক্ষা আগামী ৩১ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে।
আজ বুধবার (২৮ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, নির্ধারিত তারিখের আগে কোনো কর্মীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হলে তা গ্রহণযোগ্য হবে না এবং এর ভিত্তিতে ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে না।
অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর তালিকা শিগগিরই মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। কর্মীদের পরীক্ষার আগে তালিকাটি ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সরকারি নির্দেশনা ও সক্ষমতা বিবেচনায় তালিকায় নতুন কেন্দ্র যুক্ত হতে পারে কিংবা বিদ্যমান কেন্দ্র বাদও পড়তে পারে। মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট অনুমোদন ছাড়া কোনো মেডিকেল সেন্টার বা রিক্রুটিং এজেন্সি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা করতে পারবে না।
এদিকে, অনুমোদনহীন মেডিকেল পরীক্ষার কথা বলে কিছু অসাধু দালাল ও রিক্রুটিং এজেন্সি ইতিমধ্যে কর্মীদের কাছ থেকে পাসপোর্ট ও অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের প্রতারণা এড়াতে অনুমোদন নিশ্চিত না হয়ে কোনো অবস্থাতেই দালাল বা এজেন্সির কাছে পাসপোর্ট বা টাকা জমা না দেওয়ার জন্য কড়া সতর্কবার্তা দিয়েছে মন্ত্রণালয়।
বিএমইটি ছাড়পত্রের জন্য রিক্রুটিং এজেন্সিগুলোকে অনুমোদিত সেন্টারের পরীক্ষার কাগজপত্রের পাশাপাশি ভিডিআর ভিসাসংক্রান্ত নথি জমা দিতে হবে। সরকারি নিয়ম লঙ্ঘনকারী মেডিকেল সেন্টার বা এজেন্সির বিরুদ্ধে কার্যক্রম বন্ধ ও অনুমোদন বাতিলসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। অনিয়মের তথ্য থাকলে তা secretary@probashi.gov.bd ঠিকানায় প্রমাণসহ জানানোর অনুরোধ করা হয়েছে।
চস/স


