আগামী চার দিন সারাদেশে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন তথ্যকে ‘গুজব’ হিসেবে আখ্যা দিয়েছে পেট্রোবাংলা। সংস্থাটি স্পষ্ট জানিয়েছে, রক্ষণাবেক্ষণ কাজের জন্য গ্যাস সরবরাহ কিছুটা কমলেও তা সম্পূর্ণ বন্ধ হওয়ার কোনো আশঙ্কা নেই।
কক্সবাজারের মহেশখালীতে সামিটের এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ চলছে। এ কারণে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসকে গ্যাসে রূপান্তরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রয়েছে। এর ফলে দেশের দৈনিক গ্যাস সরবরাহ বর্তমানের দুই হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট থেকে কমে দুই হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে। অর্থাৎ, দৈনিক সরবরাহ প্রায় ৩২০ মিলিয়ন ঘনফুট কমবে, যা মোট সরবরাহের প্রায় সাড়ে ১২ শতাংশ।
পেট্রোবাংলা জানিয়েছে, কোনো কোনো গণমাধ্যমের পুরোনো বা ভুয়া ফটোকার্ড ব্যবহার করে একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। সরবরাহ কিছুটা কমায় দেশের কোনো কোনো এলাকায় গ্যাসের চাপ সাময়িকভাবে কম থাকতে পারে। তবে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকার খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন।
উল্লেখ্য, আগামী ৭ নভেম্বর পর্যন্ত এই রক্ষণাবেক্ষণ কাজ চলার কথা রয়েছে। এমন পরিস্থিতিতে গুজবে বিভ্রান্ত না হয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে পেট্রোবাংলা।
চস/স


