চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর ব্যাগেজ থেকে ৪০ কেজি ওজনের ১ হাজার ৩০০ পিস নিষিদ্ধ Fresh & White Beauty Cream জব্দ করা হয়েছে। আটক পণ্যের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ টাকা।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৭ নভেম্বর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই-চট্টগ্রামগামী (BG-148) ফ্লাইটে আসা যাত্রী মোহাম্মদ জাহেদের ব্যাগেজ স্ক্যান ও তল্লাশি করে এসব ক্রিম পাওয়া যায়।
কাস্টমস গোয়েন্দা কর্তৃপক্ষ জানায়, নিষিদ্ধ এসব প্রসাধনী আমদানি প্রযোজ্য আমদানি নীতি আদেশের বিধান লঙ্ঘন। জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এসব পণ্য দেশে প্রবেশ ও বাজারে ছড়িয়ে পড়া প্রতিরোধে বিমানবন্দরে নজরদারি অব্যাহত রয়েছে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জনস্বাস্থ্য সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। ঝুঁকিপূর্ণ ফেস ক্রিমসহ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পণ্যের অবৈধ আমদানি প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চস/স


