spot_img

১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার
২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

কবিতা : শরনার্থী শিবির

তুমি আমাকে না পাওয়ার সেই প্রাচীন দুঃখের কথা বলছো!
তাহলে আমি তোমায় বলছি শোনো –
একটা দেশের রিফিউজি ক্যাম্পে থাকা মানুষের দুঃখ।
পরিত্যক্ত হয়ে উঠলো তাদের আজন্ম পরিচয়,
তাদের জাত যেনো নতুন দেশের গালি।
অন্যের থেকে হাত পেতে খাওয়া মানুষ গুলোর মুখ যেনো অভুক্তের দামী ছবি।

তুমি আমাকে রোজ দেখতে না পাওয়ার কষ্টের কথা বলছো!
আর আমি যেনো রোজ দেখতে পারছি –
বহু দিনের পুরনো নিজের দেশ থেকে পালিয়ে আসা মানুষের কষ্ট।
কত নবজাতক তো তার দেশের ঘ্রাণই পেলো না,
গাদাগাদি করে থাকা শিশু-কিশোর গুলো কোনো রঙ্গিন গল্প জানলো না,
পুরুষ আর তরুণ তো পাথর হয়ে গেছে
প্রেমিকা হারানোর শোকে, পরিবারের মুখে খাবার তুলে দিতে।

তোমার আমাকে খুব মনে পড়ে বলে লুকিয়ে লুকিয়ে কাঁদো!
কিন্তু আমি তোমার কাছে জানতে চাই বলো –
কত লাঞ্চনা বঞ্চনা সহ্য করলে মানুষ শব্দের আগে স্ব রে অ বসে?
কত দুঃখ-দুর্দশার সমার্থক শব্দ অভিধানে শেষ হলে মানুষ হিংস্রাত্মক হয়ে ওঠে?
সৃষ্টিকর্তার পরে মানুষের দয়ার জীবনের দায় আগামী কত জন্মে শেষ হয়?

শিক্ষার্থী : হারাগাছ সরকারি কলেজ।

Latest Posts

spot_imgspot_img

Don't Miss