ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট, ঈদ জামাত, চামড়া ক্রয়-বিক্রয় ও পরিবহন, জাল নোটের ব্যবহার রোধ, আবাসিক এলাকার নিরাপত্তাসহ আইনশৃঙ্খলা রক্ষায় নগরীতে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।
আজ ৭ জুলাই, বৃহস্পতিবার দুপুরে নগরের দামপাড়ায় চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সালেহ মোহাম্মদ তানভীর।
ঈদের জামাত আদায়ে নগরীর জামিয়াতুল ফালাহ মসজিদ, আন্দরকিল্লা শাহী জামে মসজিদসহ বড় ঈদ জামাতে সাদা পোশাকে ডিবিসহ পুলিশ সদস্যরা নিরাপত্তা দেবেন বলে জানান সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।
সিএমপি কমিশনার জানান, ঈদে নগরীর নিরাপত্তা ব্যবস্থায় আমরা ৫ স্তরের নিরাপত্তা হাতে নিয়েছি। আমাদের সকল থানাকে এসব বিষয়ে অবহিত করা হয়েছে। ঈদে নগরীতে ৮ টি পশুর হাট বসেছে। কোরবানি পশুর হাটে থানার নিয়মিত মোবাইল টিম, অস্থায়ী পুলিশ ক্যাম্প ও কন্ট্রোল রুম, জাল নোট সনাক্তকরণ বুথ, সাদা পোশাকে পুলিশি ব্যবস্থা রাখা হয়েছে।
এছাড়াও বিশেষ মোবাইল টিম (ডিবি), বোম্ব ডিসপোজাল টীম, সুইপিং টিম, স্ট্রাইকিং টিম, কুইক রেসপন্স টীম, র্যাব, ক্রাইম সিন ভ্যান, ফায়ার সার্ভিসও দায়িত্ব পালন করবে।
যাত্রীদের নিরাপত্তায় বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, স্টিমার ঘাট, মার্কেট এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। চট্টগ্রাম ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাসসহ পরিবহনের নিরাপত্তায় নগরীর অলংকার বাস স্ট্যান্ড, নতুন রেলওয়ে স্টেশন, বহদ্দারহাট বাস টার্মিনাল, একে খান মোড়, কর্ণফুলী ব্রীজ গোল চত্বর এলাকায়ও পুলিশ মোতায়েন থাকবে; যোগ করেন সালেহ মোহাম্মদ তানভীর।
এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মো. শামসুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
চস/আজহার


