চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় ‘বিবিজান’ কবরস্থানের জায়গার ওপর নির্মিত ভবনটি গুঁড়িয়ে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে সিডিএ কর্ণফুলী মার্কেটের সামনের ভবনটি ভেঙে ফেলার জন্য অভিযান পরিচালনা করেছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমিনা আফরোজ চৌধুরী।
স্থানীয়রা বলেন, তাদেরকে কবরস্থানের দেখভাল করার জন্য বলা হলে তারা ভবনটি নির্মাণ করে জায়গা দখল করে নেয়। আমরা দীর্ঘদিন ধরে প্রশাসনের নিকট দাবি জানিয়ে আসছি অবৈধ এই ভবন ভেঙে ফেলার জন্য।
বিষয়টি নিশ্চিত করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমিনা আফরোজ চৌধুরী বলেন, স্থানীয়রা দীর্ঘদিন ধরে কবরস্থানের ওপর ভবন গড়ে ওঠায় অভিযোগ দিয়ে আসছিল। দুদকের গণশুনানীর পর আইনগত প্রক্রিয়া শেষে ভবনের মালিককে নোটিশ দিয়ে এক সপ্তাহের সময় দিয়েছিলাম। কিন্তু তারা সেখান থেকে সরে না যাওয়ায় নোটিশ দেওয়ার আরও ৩ সপ্তাহ পর আমরা আজ ভবনটি ভাঙতে অভিযান পরিচালনা করছি।
উল্লেখ্য যে, ৫ নভেম্বর ২০১৯ চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার চৌমুহনীতে ‘বিবিজান’ এর কবরস্থান নামে পরিচিতি কবরস্থানের তিন পাশে উঁচু দালান এর সুযোগে দখলদার ব্যক্তিরা কবরস্থানের সামনের জায়গায় জোরপূর্বক দোকান এবং কবরস্থানে প্রবেশের একমাত্র পথ ও কবরস্থানের অনেকগুলো কবরের ওপর ভবন নির্মাণ করার অভিযোগে চট্টগ্র্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নিকট কবরস্থানের অবৈধ দখল থেকে পরিত্রানের জন্যে আবেদন করেন স্থানীয় বাসিন্দারা।
চস/আজহার


