spot_img

১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

সিপিডির তথ্য গবেষণা নয়, পত্রিকার কাটিং নির্ভর : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন সিপিডির তথ্য গবেষণা নয়, পত্রিকার কাটিং নির্ভর এবং তা অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত। সোমবার বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে সমসাময়িক বিষয় নিয়ে এক প্রেস ব্রিফিং-এ সাংবাদিকদের এ কথা বলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, এক্ষেত্রে সিপিডি অনেক বিষয়ে লুকোচুরি করেছে। অনেক অসত্য তথ্য উপস্থাপন করেছে। যেমন সিপিডি বলেছে, আমাদের উন্নয়ন বাজেট, বাজেটের ৭৫ শতাংশ হচ্ছে বিদেশ নির্ভর। আসলে আমাদের উন্নয়ন বাজেট চলতি বাজেটের ৩৫ শতাংশ হচ্ছে সাহায্য বা বিদেশ নির্ভর। এটি আগে আরও কম ছিল। একসময় এটি ২০ শতাংশের নীচে নেমে গিয়েছিল। সাম্প্রতিক সময়ে কিছু ঋণ নেয়ায় এটা ৩৫ শতাংশ হয়েছে। অথচ সিপিডি বলেছে ৭৫ শতাংশ। সিপিডির এই বক্তব্য নির্জলা নির্ভেজাল মিথ্যাচার।

আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক বলেন, বেসিক ব্যাংক থেকে ৪ হাজার কোটি লোন নেয়া হয়েছে এর মধ্যে ২ হাজার আদায় করা হয়েছে। আরও ২ হাজার কোটি টাকা আদায়ে মামলা করা হয়েছে। অর্থাৎ আদায়ের প্রক্রিয়া চলছে। নাবিল গ্রুপের ২৭ শ কোটি টাকার লোন প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, এগুলোর সব যে আদায় হয়েছে তা সিপিডির রিপোর্টে উল্লেখ করা হয়নি। ইচ্ছা করেই লুকানো হয়েছে। এস আলম গ্রুপের লোন প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, তিনি বাংলাদেশ ব্যাংকে খোঁজ নিয়ে জেনেছেন এস আলমের কোনো লোনই ক্লাসিফাইড না।

ব্যাংকের ক্লাসিফাইড লোনের আকার বৃদ্ধি সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, সিপিডি আকারের কথা বলে অথচ পারসেন্টেজ এর কথা বলেনা। আমাদের অর্থনীতির আকার ছয়গুণের বেশি বেড়েছে। ২০০৯ সালে জিডিপির আকার ছিল ৮০ বিলিয়িন ডলার আর এখন জিডিপির আকার হচ্ছে ৫’শ বিলিয়ন ডলারের কাছাকাছি। অর্থনীতির আকার বৃদ্ধি পেলে লোনও বৃদ্ধি পাবে এটাই স্বাভাবিক কিন্তু এটা দেখতে হবে শতাংশের দৃষ্টিকোন থেকে।

তথ্যমন্ত্রী বলেন, ২০০৯ সালে ব্যাড লোন ছিল ১০ দশমিক পাঁচ শতাংশ আর এখন তা কমে ৯ দশমিক ৯৩ শতাংশে দাড়িঁয়েছে। যেটা সিপিডির অনেক কর্মকর্তারা ভালোভাবেই জানেন কারণ তাদের কেউ কেউ তখন দেশ পরিচালনার সাথে যুক্ত ছিল। এরপরেও সংবাদ সম্মেলন করে এসব অসত্য তথ্য পরিবেশন নির্লজ্জ মিথ্যাচার ও উদ্দেশ্য প্রণোদিত।

বিটিভির ৬০ বছরে পদার্পণ উপলক্ষ্যে কলাকুশলী, কর্মকর্তা সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী বলেন, এদেশের টেলিভিশনের বিস্তার ও প্রসারে বিটিভি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এসময় জেনারেল ম্যানেজার নূর আনোয়ার হোসেন রনজুসহ বিটিভি চট্টগ্রামের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাছান মাহমুদ চলমান উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss