spot_img

২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রবিবার
৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

চট্টগ্রামে ঝটিকা মিছিলের চেষ্টা: যুবলীগ ও ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ১৩

চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের উদ্দেশ্যে ঝটিকা মিছিল বের করার চেষ্টাকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১৩ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ঘটনা স্থলে ব্যবহৃত দুটি যাত্রীবাহী বাস, লাঠি ও ইটের টুকরাসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

গতকাল শুক্রবার (০৫ জুন) সকালে নগরীর বন্দর থানাধীন বারেক বিল্ডিং মোড় এলাকায় এই ঘটনা ঘটে। আজ শনিবার সিএমপির ডবলমুরিং থানা পুলিশের পক্ষ থেকে বিশেষ অভিযানের এই তথ্য নিশ্চিত করা হয়।

পুলিশ জানায়, গতকাল সকাল আনুমানিক ১০টা ২৫ মিনিটের সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের কতিপয় নেতা-কর্মী মাথায় সাদা কাপড় বেঁধে দুটি যাত্রীবাহী বাসযোগে বারেক বিল্ডিংস্থ ইসলামী ব্যাংক হাসপাতাল ভবনের দক্ষিণ পাশে জড়ো হয়। তারা জনসাধারণের ক্ষয়ক্ষতি ও নাশকতার উদ্দেশ্যে রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে মিছিল শুরু করে। তাৎক্ষণিকভাবে ডবলমুরিং থানা পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা অলিগলি দিয়ে দিক-বিদিক দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পুলিশ ঘটনাস্থল থেকে মিছিলকারীদের ফেলে যাওয়া ২টি যাত্রীবাহী বাস, ৪টি সাদা কাপড়ের টুকরা, ১০টি লাঠি এবং ১৩টি ইটের টুকরা উদ্ধার করে। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে সিএমপির বিভিন্ন এলাকায় চিরুনি অভিযান পরিচালনা করে মিছিলে অংশ নেওয়া ও নাশকতার পরিকল্পনার জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের পরিচয়:
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী গ্রেফতারকৃতরা হলেন— হালিশহর থানা যুবলীগের সভাপতি মোঃ ওমর ফারুক (৪৪), ডবলমুরিং থানা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ রেজা (৩২), কর্ণফুলী থানা যুবলীগের সক্রিয় সদস্য মোঃ ইরফান (৩২), সাকিবুল ইসলাম (২২), যীশু দাশ (৪৫), মো: সাইফুল আলম রুবেল (৪১), মোঃ শরিফুল ইসলাম (২৩), মোঃ ইব্রাহিম খলিল (৩৩), মোহাম্মদ মিন্টু (৪৫), জোবায়ের আহমেদ নিরব (২৫), মোঃ মনিরুল ইসলাম (৪৩), মোঃ হান্নান (৪৩) এবং মোঃ জুনাইদুল আলম তাসনুপ (২৩)।

ডবলমুরিং থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ড ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অপরাধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক অন্যান্য আসামিদের ধরতেও অভিযান অব্যাহত আছে।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss