কক্সবাজারের পেকুয়ায় যৌথ বাহিনীর অভিযানে নারী মাদক কারবারিসহ ৩ জনকে আটক করা হয়েছে। এ সময় আটকদের কাছ থেকে ২৯৭ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
রবিবার (১ মার্চ) দিবাগত রাত ১টার দিকে উপজেলার শিলখালী ইউনিয়নের কাছারিমুড়া এলাকার রেজাউল করিমের বাড়িতে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করেন।
আটকরা হলেন- টেকনাফ উপজেলার সাবরাং ইউপির নুর আহমদের স্ত্রী মোস্তফা বেগম (৪১), বাড়ির মালিক রেজাউল করিম (৫৮) রেজাউল করিমের ছেলে আব্দুর রহিম (২৮)।
যৌথ বাহিনী জানায়, শিলখালী ইউনিয়নের কাছারিমুড়া এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র টেকনাফ থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। যৌথ বাহিনী মাদক ও মাদক ব্যবসা নির্মূলে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। তারই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি মাদক কারবারি চক্র শিলখালী কাছারিমুড়া এলাকায় অবস্থান নিশ্চিত হয়। রবিবার দিবাগত রাত ১টার দিকে পেকুয়া আর্মি ক্যাম্প (১৬ ক্যাভ্যালরি) ক্যাপ্টেন রাইয়ান ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে ৩ মাদক কারবারিকে ২৯৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
পরবর্তীতে আইনি প্রক্রিয়ার জন্য আটকদের পেকুয়া থানায় সোপর্দ করা হয়।
চস/স


