ভালোবাসার টানে গড়ে ওঠা সংসার আর অনাগত সন্তানকে নিয়ে কত স্বপ্নই না দেখেছিলেন তানিয়া কামাল নিহাত (২০)। কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই যৌতুক না পাওয়ার বলি হলেন এই নয় মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ। চট্টগ্রামের পটিয়া উপজেলায় ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনায় তাঁর স্বামী নুর উদ্দিনকে (২৫) জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
গতকাল রবিবার (২৫ অক্টোবর) দিবাগত আড়াইটার দিকে পটিয়ার হাবিলাসদ্বীপ ইউনিয়নের চরকানাই এলাকায় এই ঘটনা ঘটে। নিহত তানিয়া পটিয়ার কুসুমপুরা ইউনিয়নের মোহাম্মদ কামালের মেয়ে। এ বছরের ফেব্রুয়ারিতেই প্রেমের সম্পর্কের জেরে দুই পরিবারের সম্মতিতে তাঁদের বিয়ে হয়।
পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তানিয়ার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। সম্প্রতি আবারও যৌতুক ও নতুন কাপড় দাবি করে শ্বশুরবাড়ির লোকজন। দাবি মেটাতে না পারায় ৯ মাসের অন্তঃসত্ত্বা তানিয়ার ওপর নির্যাতন আরও বাড়ে। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ-বৈঠক হলেও শেষ রক্ষা হয়নি। অনাগত সন্তানকে পৃথিবীর মুখ দেখার আগেই প্রাণ হারাতে হলো তানিয়াকে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য স্বামী নুর উদ্দিনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
চস/স


