আগামী ১লা জুলাই কানাডার জাতীয় দিবস ‘কানাডা ডে’ বর্ণিল আয়োজনে উদযাপন করতে যাচ্ছে নর্থ আমেরিকার অন্যতম সুপরিচিত সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি অব মন্ট্রিয়ল’। প্রতিবছরের মতো এবারও কানাডার সমৃদ্ধি, বৈচিত্র্য এবং সংস্কৃতিকে ধারণ করে প্রবাসী বাংলাদেশিদের মেলবন্ধনে দিনটি উদযাপিত হবে।
এই বিশেষ ইভেন্টটিকে সফল করার লক্ষ্যে সম্প্রতি মন্ট্রিয়লের ৬৭৬৭ কোট ডে নেইজে (Côte-des-Neiges) সংগঠনের এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় ১ জুলাই প্লামন্ডন মেট্রো সংলগ্ন ভ্যানহর্ন পার্কে বাংলাদেশ ও কানাডার সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি আকর্ষণীয় কনসার্ট ও বারবিকিউ পার্টির সিদ্ধান্ত গৃহীত হয়।
বাংলাদেশ সোসাইটি অব মন্ট্রিয়লের সভাপতি এজাজ আখতার তৌফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রস্তুতি সভাটি পরিচালনা করেন কামরুল ইসলাম রানা। সভায় অনুষ্ঠানকে নিখুঁত ও সফলভাবে সম্পন্ন করার জন্য সর্বসম্মতিক্রমে বেশ কয়েকটি সাব-কমিটি গঠন করা হয়।
সভায় বক্তারা বলেন, ১৮৬৮ সাল থেকে চলে আসা এই দিনটি সকল সম্প্রদায়ের কানাডাবাসীদের একত্রিত হওয়ার একটি বিশেষ উপলক্ষ। কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও এই উৎসবের আমেজ নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে মিলিয়ে উদযাপন করতে মুখিয়ে আছেন।
সভায় বক্তারা আসন্ন ইভেন্টটিকে সুন্দর ও নিখুঁতভাবে সম্পন্ন করার লক্ষ্যে নিজ নিজ মূল্যবান চিন্তাভাবনা ও সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরেন। নর্থ আমেরিকার এই অন্যতম বৃহৎ উৎসবকে সফল করতে তারা সকল উপ-কমিটির কাজের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। অত্যন্ত প্রাণবন্ত এই সভাটি পরিচালনা করেন কামরুল ইসলাম রানা এবং এতে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শেখ মোজাফফর।
সভায় বক্তব্য রাখেন, সংগঠনটির সভাপতি এজাজ আখতার তৌফিক, উপদেষ্টা চেয়ারম্যান লাবলু আখন, সহ সভাপতি – ফখরুল ইসলাম, ফরিদুন নাহার, ফাতেমা আক্তার, আনসার উদ্দিন আহমেদ, মিয়া মো: সোয়েব, সৈয়দা তাহমিনা, মো: নওশাদ চৌধুরী মিটু।
এছাড়া আরও বক্তব্য রাখেন আব্দুল্লাহ শিবলী, সহ সাধারণ সম্পাদক মিসবাহ মঞ্জুর, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদির, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাকি সৈয়দ, ক্রীড়া সম্পাদক জিয়া বাবু, সহ সাংস্কৃতিক সম্পাদক আইয়ুব প্রবাসী, মহিলা বিষয়ক সম্পাদক নাওশাবা তাবাসসুম, সহ মহিলা বিষয়ক সম্পাদক তুলি রহমান, আপ্যায়ন সম্পাদক আকমল ইসলাম রিপন, যুব বিষয়ক সম্পাদক ফাহিম শাকিল, সহ যুব বিষয়ক সম্পাদক নওশীন তালুকদার, মানবাধিকার বিষয়ক সম্পাদক আশরাফুল হাফিজ, অর্থ সম্পাদক মো: সোয়াইব হোসেন, সহ প্রচার সম্পাদক আব্দুল হান্নান, কার্যকরী পরিষদ সদস্য – মকসুম তরফদার, জুবায়ের ফয়সাল প্রমুখ।
সংগঠনের পক্ষ থেকে মন্ট্রিয়লে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশিকে সপরিবারে ভ্যানহর্ন পার্কের এই আনন্দ উৎসবে যোগ দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানানো হয়েছে।
চস/স


