চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামসহ দেশের বন্যাদুর্গত প্রতিটি মানুষের পাশে বর্তমান সরকার রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে বলে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দুর্গত মানুষের যেকোনো প্রয়োজনে সরকার সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে।
আজ সোমবার (১৩ জুলাই) চট্টগ্রামের সাতকানিয়ার কেউচিয়া ইউনিয়নে বন্যাদুর্গত এলাকা পরিদর্শন, ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেওয়া এবং ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী কেউচিয়া ইউনিয়নের দুর্গত মানুষের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা পৌঁছে দেন।
বন্যাদুর্গতদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, “আপনারা গত সাত দিন ধরে অনেক কষ্টের মধ্যে দিন পার করছেন। সৃষ্টিকর্তার দরবারে প্রার্থনা করি, যেন এই কষ্টের দিন দ্রুতই শেষ হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আশ্বস্ত করতে চাই, প্রতিটি দুর্গত, কষ্টে থাকা ও নিরন্ন মানুষের কাছে ইনশাআল্লাহ সরকার খাবার পৌঁছে দেবে।”
তিনি আরও বলেন, শুধু এই সংকটকালীন সময়ে খাবার তুলে দেওয়াই শেষ নয়; বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, তা মেরামতের খরচও সরকারের তরফ থেকে দেওয়া হবে। এছাড়া যেসব কৃষকের ফসলের খেত নষ্ট হয়েছে, মাছের ঘের ভেসে গেছে এবং গবাদি পশুর ক্ষয়ক্ষতি হয়েছে, তারা যেন ক্ষতি পুষিয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, সেজন্য বিশেষ উদ্যোগ নেবে সরকার।
প্রথম দিন থেকেই উপজেলা ও জেলা প্রশাসন এবং স্থানীয় সংসদ সদস্য দুর্গতদের কষ্ট লাঘবে কাজ করছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, কাজের সমন্বয় সাধন ও দুর্গতদের পাশে দাঁড়াতেই তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসেছেন। দুর্গম অঞ্চলে ত্রাণ পৌঁছাতে সহযোগিতার জন্য তিনি বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনীকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
ত্রাণ বিতরণকালে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ জসীম উদ্দিন আহমেদ, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সহ প্রশাসন, পুলিশ, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চস/স


