রাজবাড়ীতে জাকাতের কাপড় আনতে গিয়ে পদদলিত হয়ে অজ্ঞাতনামা এক নারীর (৫৫) মৃত্যু হয়েছে। আজ রবিবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৬টার সময় রাজবাড়ী জেলা শহরের ভবানীপুর গ্রামের মো. দেলোয়ার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
পেশায় ব্যবসায়ী দেলোয়ার হোসেন বলেন, প্রতি বছর ২৭ রমজান শাড়ি ও লুঙ্গি বিতরণ করে আসছেন। রবিবার সকাল ৭টা থেকে ৩ হাজার শাড়ি ও লুঙ্গি কাপড় বিতরণ শুরু করার জন্য জেলা পুলিশে নিরাপত্তার জন্য আবেদন করা হয়। তবে ফজরের নামাজের পর থেকেই লোকজন জড়ো হতে থাকে।
তিনি বলেন, সকাল সাড়ে ৬টার দিকে নির্ধারিত গেইট বাদেই পাশের টিনের গেইটের বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করে অনেকে। এতে পদদলিত হয়ে ওই নারীর মৃত্যু হয়েছে। ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। পরিচয় পেলে তার পরিবারকে সহযোগিতা করা হবে।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখারুল আলম প্রধান বলেন, নিহত নারীর পরিচয় এখনো মেলেনি। পরিচয় শনাক্ত করতে কাজ করা হচ্ছে।
চস/স


