চুরির অভিযোগ পেয়ে কিশোর বয়সী ছেলের ওপর প্রচণ্ড ক্ষুব্ধ হন মা। শাসন করতে গিয়ে মায়ের বেদম পিটুনিতে প্রাণ যায় ছেলের। সেই খুনের ঘটনা আড়াল করতে ছেলের লাশ ঝুলিয়ে রাখে বাসার চালের লোহার রডের সঙ্গে।
এরপর প্রতিবেশি ও পুলিশকে জানায়, তার ছেলে আত্মহত্যা করেছে। আর এ কাজে মাকে সহযোগিতা করেছে তার ভাই অর্থাৎ নিহত ছেলের মামা। পুলিশ লাশ উদ্ধার করতে গিয়ে হত্যাকাণ্ড নিশ্চিত হয়ে মা ও মামাকে গ্রেফতার করে। এরপরই ঘটনার নেপথ্যের রহস্য উদঘাটন হয়।
গত সোমবার (৮ আগস্ট) রাতে নগরীর আকবর শাহ থানার বিশ্ব কলোনিতে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের দায় স্বীকার করে ওই মা মঙ্গলবার আদালতে জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়ালী উদ্দিন আকবর।
নিহত মো. হাছান (১৪) নগরীর পাহাড়তলী থানার ওয়ার্লেস কলোনি এলাকার বাসিন্দা বেলাল হোসেনের (৪২) ছেলে। তাদের বাড়ি মাগুরা জেলায়। গ্রেফতার দুইজন হলো- হাসানের মা কুলসুম বেগম (৩৮) ও মামা ফারুক ইসলাম (২৪)।
পুলিশ জানায়, হাছানের বাবা বেলালের দুই স্ত্রী। প্রথম স্ত্রী কুলসুম বেগম নগরীর আকবর শাহ থানার বিশ্বকলোনি আল হেরা মসজিদ গলিতে আলাদা বাসায় বসবাস করেন। ভাই ফারুকও পাশাপাশি আরেক বাসায় থাকেন।
চস/স


