চট্টগ্রামে দুটি পৃথক এলাকায় পাহাড়ধসে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১জন। নিহতদের দুজন মহিলা।
শুক্রবার (১৭ জুন) দিবাগত রাত ১টায় আকবর শাহ থানাধীন বরিশাল ঘোনা ও রাত ৩টার দিকে ফয়েস লেকের বিজয় নগর এলাকায় পৃথক এ ঘটনা ঘটে।
চারজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উদ্দিন আকবর।
মৃত ব্যক্তিরা হলেন- শাহিনুর আক্তার (২৬) ও মাইনুল আক্তার (২৪), লিটন ( ২৩) ও ইমন (১৪)।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উদ্দিন আকবর বলেন, রাত একটার দিকে চট্টগ্রামের আকবরশাহ থানার ১ নম্বর ঝিলের বরিশাল ঘোনা এলাকায় পাহাড় ধসের সংবাদ পাই। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহিনুর আক্তার (২৬) ও মাইনুল আক্তার (২৪) নামে দুইজনকে মৃত ঘোষণা করেন।
এদিকে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার বলেন, রাত তিনটার দিকে আকবরশাহ থানার ফয়েসলেকের লেকসিটি বিজয় নগর এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করে। সেখানে লিটন ( ২৩) ও ইমন (১৪) নামে দুইজনের মৃত্যু হয়।
তিনি বলেন, রাত একটার দিকে বরিশাল ঘোনা এলাকায় আগে ঘটনা ঘটে। এরপর রাত তিনটার দিকে লেকসিটির বিজয় নগর এলাকায় এ ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, আজ সকাল ছয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৪৮ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজকেও থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
চস/স


