spot_img

২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বোয়ালখালীতে শিশুদের যৌন নিপীড়নের অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার

চট্টগ্রামের বোয়ালখালীতে প্রাইভেট পড়ানোর আড়ালে ছাত্র-ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগে ইমতিয়াজ উদ্দিন (২৫) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ইমতিয়াজ বোয়ালখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্বগোমদণ্ডী মুন্সিপাড়া সৈয়দ বাড়ির শওকত হাবিবের ছেলে।

বুধবার (৪ মার্চ) দিবাগত রাতে খবর পেয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান।

তিনি জানান, ইমতিয়াজ দীর্ঘ দেড় দুই বছর ধরে শিশুদের প্রাইভেট পড়ানোর নামে জোরপূর্বক যৌনাচারে লিপ্ত করতো। আমরা প্রাথমিকভাবে চারজন শিশুর তথ্য পেয়েছি। এর মধ্যে তিনজন মেয়ে ও এক জন ছেলে রয়েছে। তাদের বয়স ১০ বছরের কম। শিশুরা অভিযুক্ত শিক্ষকের বাসায় গিয়ে প্রাইভেট পড়তো।

অনৈতিক নোংরামি করার এক পর্যায়ে শিশুদের বিভিন্ন ভয়ভীতি দেখানো হতো বলেও অভিযোগ করেছে ভুক্তভোগী শিশুরা। শিশুরা জানিয়েছে, প্যান্ট জামা খুলে অপ্রাকৃত যৌনচারে লিপ্ত করতে যৌনাঙ্গে ও পায়ুপথে সঙ্গমের চেষ্টা করতো ইমতিয়াজ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, শিশুরা প্রায় যৌনাঙ্গে ও পায়ুপথে ব্যথা এবং রক্তক্ষরণের কথা জানিয়ে আসছিল।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, অভিযুক্ত ইমতিয়াজ প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। বিষয়টির তদন্ত চলছে। ইমতিয়াজের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে। ভিকটিমদের স্বাস্থ্য পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

চস/স

আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগারে ইন্টারকম সেবা

অন্তরীণ বন্দীদের স্বজনদের সঙ্গে সরাসরি যোগাযোগ সহজ করতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার-এ ওয়ান টু ওয়ান ইন্টারকম টেলিফোন ব্যবস্থা চালু করা হয়েছে। বৃহস্পতিবার (৫ই মার্চ) দুপুর ১২টায় এই সেবার উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কোলাহলপূর্ণ সাক্ষাৎ কক্ষে বন্দীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে চালু হয়েছে ইন্টারকম টেলিফোন সুবিধা। ব্রিটিশ আমল থেকে চলে আসা লোহার জালের দুই পাশে দাঁড়িয়ে চিৎকার করে কথা বলার পুরোনো দৃশ্য বদলে দিতে প্রথমবারের মতো এই ব্যবস্থা চালু হয়েছে।

বেসরকারি কারা পরিদর্শক প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিনের প্রস্তাবে আইজি প্রিজন ও জেলা প্রশাসনের অনুমোদনক্রমে প্রকল্পটি বাস্তবায়ন করা হয়। প্রকল্পটি বাস্তবায়নে অর্থায়ন করেছে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন (আশ ফাউন্ডেশন)।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন জানান, ২ হাজার ২৪৯ বন্দীর ধারণক্ষমতার এই কারাগারে প্রতিদিন গড়ে ৬ হাজারের বেশি বন্দী থাকেন। ধারণক্ষমতার কয়েকগুণ বেশি বন্দী থাকায় স্বজনদের সঙ্গে যোগাযোগ করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। একসঙ্গে অনেক মানুষ কথা বলায় কেউ কারও কথা স্পষ্ট শুনতে পান না, যা মানবিক দিক থেকে কষ্টকর। এই পরিস্থিতি মোকাবিলায় প্রাথমিকভাবে ৩২টি ইন্টারকম সেট বসানো হচ্ছে। এতে একসঙ্গে ১৬ জন বন্দী কথা বলতে পারবেন। এর মধ্যে পুরুষদের জন্য ১২টি এবং নারী বন্দীদের জন্য ৪টি বুথ রাখা হয়েছে।

বেসরকারি কারা পরিদর্শক ও আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাছির উদ্দিন বলেন, “চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সাক্ষাৎ কক্ষের বর্তমান চিত্র অত্যন্ত অমানবিক। লোহার জালের দুই পাশে প্রায় দুই ফুট দূরত্বে দাঁড়িয়ে কথা বলতে হয়। চারপাশের প্রচণ্ড শব্দে কেউ কারও কথা স্পষ্ট শুনতে পারেন না। মাসে মাত্র দুইবার ৩০ মিনিটের সুযোগ মিললেও এই শোরগোলের কারণে জরুরি আলাপ অসম্পূর্ণ থেকে যায়।”
তিনি বলেন, “এখন থেকে কারাভোগী ও কারাভোগীর সাথে সাক্ষাৎ প্রত্যাশী স্বজনরা সুবিধাজনক ভাবে কথা বলতে পারবেন।”

এছাড়া সরকারি অনুমোদন ও সহায়তা পেলে তিনি ভবিষ্যতে কারাগারের সাক্ষাৎ ব্যবস্থা অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের আওতায় আনার প্রতিশ্রুতি দেন। একইসঙ্গে বন্দীদের খাবারের মান উন্নয়নের লক্ষ্যে কাজ করার কথাও উল্লেখ করেন।

চস/স

সচিবালয়ে বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ

দেশে বিদ্যুৎ সাশ্রয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার নির্দেশনায় সচিবালয়ের ১ নম্বর ভবনের ২০১ নম্বর কক্ষে ৫০ শতাংশ লাইট ও ৫০ শতাংশ শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) ব্যবহার করা হচ্ছে।

একই সঙ্গে দিনের বেলায় প্রাকৃতিক আলো ব্যবহারের জন্য কক্ষের জানালার পর্দা খোলা রাখার নির্দেশ দেয়া হয়েছে। ইতিমধ্যে সচিবালয়ের ১ নম্বর ভবনে প্রধানমন্ত্রীর ২০১ নম্বর কক্ষসহ তার কার্যালয়ের সব কক্ষে এই নির্দেশনা বাস্তবায়ন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকেও বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে অর্ধেক লাইট ও এসি ব্যবহার করা হয়।

তিনি আরও বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী পর্যায়ক্রমে দেশের সরকারি, আধা সরকারি ও বেসরকারি অফিস-আদালত, শপিংমল, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং বাসা-বাড়িতে একই ধরনের উদ্যোগ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।

আতিকুর রহমান রুমন বলেন, আজকের মন্ত্রিসভার বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়ে বিশেষ পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ ক্ষেত্রে বিশেষজ্ঞদের নিয়ে একটি টিম গঠন করে আরও কী কী পদক্ষেপ নেয়া যেতে পারে, সে বিষয়েও আলোচনা হয়েছে।

চস/স

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর নিয়োগ অবৈধ চেয়ে রিট

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আহসান এইচ মনসুরকে অপসারণ ও নতুন গভর্নর নিয়োগ অবৈধ চেয়ে হাইকোর্টে রিট দাখিল করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে এই রিট দাখিল করা হয়।

গত ২৫ ফেব্রুয়ারি আহসান এইচ মনসুরকে সরিয়ে মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেয় সরকার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ ব্যাংক অধ্যাদেশ, ১৯৭২ (প্রেসিডেন্টস্‌ অর্ডার নম্বর ১২৭ অব ১৯৭২) এর ১০(৫) অনুযায়ী মো. মোস্তাকুর রহমানকে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে ৪ বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দেয়া হলো।

এ ক্ষেত্রে গভর্নর পদে নিয়োজিত থাকাকালীন সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী তিনি বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা বাংলাদেশ ব্যাংক থেকে গ্রহণ করবেন। পাশাপাশি এই নিয়োগের অন্যান্য বিষয় চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

চস/স

নির্বাহী আদেশে একদিন বাড়লো ঈদের ছুটি

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সরকারি ছুটি আরও একদিন বাড়িয়ে সাত দিন করা হয়েছে। মূলত মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে নির্বাহী আদেশে ছুটি বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

বৈঠক শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঈদে সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে ১৮ মার্চ আরও একদিন ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে আগামী ১৬ মার্চ অফিস করেই সরকারি চাকরিজীবীদের ঈদের ছুটি শুরু হচ্ছে। কারণ ১৭ মার্চ (মঙ্গলবার) শবে কদরের ছুটি রয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করে রেখেছে সরকার। সে অনুযায়ী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছিল ছুটি। তবে, নতুন করে একদিন বাড়ানোয় ১৮ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটি কাটাতে পারবেন সরকারি চাকরিজীবী। এরসঙ্গে ১৭ মার্চ (মঙ্গলবার) শবে কদরের ছুটি যোগ হওয়ায় টানা সাতদিন ছুটি ভোগ করতে পারবেন তারা।

চস/স

খুলনায় শ্রমিক দল নেতাকে গুলি করে হত্যা, আটক ১

খুলনা নগরীতে মাসুম বিল্লাহ নামে শ্রমিক দলের এক নেতাকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (৪ মার্চ) রাত ৯টার দিকে নগরের ডাকবাংলো মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত মাসুম বিল্লাহ রূপসা উপজেলার বাগমারা গ্রামের মৃত মিনহাজ উদ্দীন মুন্সীর ছেলে। তিনি রূপসা-বাগেরহাট আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি এবং উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক।

এ ঘটনায় অশোক ঘোষ নামের একজনকে বিদেশি পিস্তলসহ আটক করেছে পুলিশ।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, বুধবার রাত ৯টার দিকে ডাকবাংলো মোড়ে একটি দোকানের সামনে পরিবারের সদস্যদের নিয়ে ঈদের কেনাকাটা করছিলেন মাসুম বিল্লাহ। হঠাৎ ছয় থেকে সাত জনের একটি দল ঘিরে ধরে তাকে। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে করা হয় জখম। পরে মৃত্যু নিশ্চিত করতে গুলি করা হয়।

গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা এগিয়ে এলে পালানোর চেষ্টা করে হামলাকারীরা। এ সময় দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ ও জনতার সহায়তায় অশোক ঘোষ নামের একজনকে একটি বিদেশি পিস্তলসহ আটক করা হয়।

গুলিবিদ্ধ মাসুম বিল্লাহকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, মরদেহ রাখা হয়েছে হাসপাতালের মর্গে। পূর্বশত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড বলে প্রাথমিক ধারণা পুলিশের।

চস/স

আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল

জুলাই আন্দোলনের প্রথম শহিদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার রায় আগামী ৯ এপ্রিল ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (৫ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন নির্ধারণ করেন।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন শহিদ আবু সাঈদ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে কোটা সংস্কার আন্দোলন চলার মধ্যে ২০২৪ সালের ১৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে আবু সাঈদ গুলিবিদ্ধ হন। পরে তিনি শহিদ হন। আবু সাঈদের গুলিবিদ্ধ হওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে কোটা সংস্কার আন্দোলন আরো তীব্র হয়ে ওঠে।

একপর্যায়ে তা সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। রক্তক্ষয়ী সেই আন্দোলনে ওই বছর ৫ আগস্ট পতন ঘটে তৎকালীন আওয়ামী লীগ সরকারের। এরপর নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠন করা হয় অন্তর্বর্তী সরকার।

গত বছর ১৩ জানুয়ারি ২৫ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে অভিযোগ দেন শহিদ আবু সাঈদের পরিবারের সদস্যরা। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। গত বছর ২৪ জুন চিফ প্রসিকিউটর কার্যালয়ে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। দাখিলের পর তা ৩০ জুন আমলে নেন ট্রাইব্যুনাল।

পলাতক আসামিদের পক্ষে গত বছর ২২ জুলাই রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দেয়া হয়। এরপর মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শুরু হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে গত বছর ৬ আগস্ট ৩০ আসামির বিরুদ্ধে এ মামলার ‘আনুষ্ঠানিক অভিযোগ’ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।

এরপর ২৭ আগস্ট প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় মামলার বিচারকাজ। আবু সাঈদের বাবা মকবুল হোসেন এ মামলায় প্রথম সাক্ষ্য দেন। গত ২১ জানুয়ারি প্রসিকিউশনের যুক্তিতর্ক শুরু হয়। শেষ হয় ২৫ জানুয়ারি। এরপর আসামিপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করে।

চস/স

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

আসন্ন পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এই তথ্য নিশ্চিত করে জানান, এই বিশাল কর্মসূচি তদারকির জন্য অর্থ সচিবের নেতৃত্বে চার সদস্যের একটি শক্তিশালী সচিব কমিটি গঠন করা হয়েছে। সভায় কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী গণমাধ্যমকে জানিয়েছেন যে, ‘কৃষক কার্ড কেবল একটি পরিচয়পত্র নয়; এটি দেশের প্রতিটি কৃষকের ন্যায্য অধিকার, মর্যাদা ও নিরাপত্তার প্রতীক হবে।’ এই কার্ডের মাধ্যমে কৃষকেরা ধাপে ধাপে বিভিন্ন সরকারি সেবা লাভ করবেন। এর আওতায় কৃষকেরা ন্যায্যমূল্যে কৃষি উপকরণ, সরকারি ভর্তুকি, সহজ শর্তে কৃষিঋণ এবং কৃষি বীমার মতো অত্যাবশ্যকীয় সুবিধা পাবেন।

শুধু শস্য উৎপাদনকারী কৃষকই নয়, বরং মৎস্য চাষী ও প্রাণিসম্পদ খামারিদেরও এই কার্ডের আওতায় আনা হবে। এ ছাড়াও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কৃষকেরা আবহাওয়া, বাজার তথ্য এবং ফসলের রোগবালাই দমনে প্রয়োজনীয় পরামর্শ পাওয়ার সুযোগ পাবেন।

কর্মসূচিটি বাস্তবায়নের প্রাথমিক ধাপে আগামী ৪৫ দিনের মধ্যে সারা দেশের সব শ্রেণির কৃষকের তথ্য সংগ্রহের কাজ সম্পন্ন করা হবে। এরপর প্রাক-পাইলট পর্যায়ে দেশের ৮টি বিভাগের ৯টি নির্বাচিত উপজেলার ৯টি ব্লকে এই কার্ড বিতরণ করা হবে।

নির্বাচিত উপজেলাগুলোর মধ্যে রয়েছে টাঙ্গাইল সদর, বগুড়ার শিবগঞ্জ, পঞ্চগড় সদর, জামালপুরের ইসলামপুর, ঝিনাইদহের শৈলকুপা, পিরোজপুরের নেছারাবাদ, মৌলভীবাজারের জুড়ী, কুমিল্লা সদর ও কক্সবাজারের টেকনাফ। কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) এই সম্পূর্ণ প্রক্রিয়াটি মাঠ পর্যায়ে বাস্তবায়ন করবে।

এই কর্মসূচির মাধ্যমে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকেরা গড়ে ২ হাজার ৫০০ টাকা করে সরাসরি ভর্তুকি বা কৃষি উপকরণ সহায়তা পাবেন। এ ছাড়াও খরিফ-১ ও খরিফ-২ মৌসুমে নির্দিষ্ট শ্রেণির কৃষকদের জন্য সরকার নির্ধারিত হারে আর্থিক অনুদান প্রদান করা হবে।

সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা অনুযায়ী, প্রাক-পাইলট ও পাইলট পর্যায় শেষ করে আগামী চার বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় এই ‘কৃষক কার্ড’ কর্মসূচি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা হবে। এটি দেশের কৃষি খাতে একটি বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে সরকার আশা প্রকাশ করছে।

চস/স

চট্টগ্রামে ৫ হাজার ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরে বিশেষ এস ড্রাইভ অভিযানে ৫ হাজার পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তর বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলেন, মো. রাসেল (২৯) ও মো. মোফাজ্জল হোসেন (৬২)।

বুধবার (৪ মার্চ) ভোরে মহানগর গোয়েন্দা উত্তর বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে খুলশী থানার দামপাড়া এলাকার কে-স্কয়ার কনভেনশন হলের বিপরীত পাশে বাস কাউন্টারের সামনে অভিযান পরিচালনা করে।

এসময় সন্দেহভাজন দুই ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাৎক্ষণিকভাবে তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের দেহ তল্লাশি করে রাসেলের কাছ থেকে ৩ হাজার পিস এবং মোফাজ্জল হোসেনের কাছ থেকে ২ হাজার পিসসহ মোট ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার আমিনুর রশিদ বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে খুলশী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

চস/স

মধ্যপ্রাচ্যে যুদ্ধ: ঢাকা থেকে বাতিল হলো ২১০ ফ্লাইট

মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

এ অবস্থায়, বৃহস্পতিবার (৫ মার্চ) ৩৪টিসহ ৬ দিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ২১০ ফ্লাইট বাতিল করা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মদ কাউছার মাহমুদ ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যুদ্ধপরিস্থিতিতে আকাশপথ বন্ধের কারণে ঢাকা থেকে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি ফ্লাইট, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি এবং ৪ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল হয়েছে।

বৃহস্পতিবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কাতার এয়ারওয়েজের ৪টি, কুয়েত এয়ারওয়েজের ৪টি, জাজিরা এয়ারওয়েজ (কুয়েত) ৪টি, এয়ার অ্যারাবিয়ার (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) ১০টি, এমিরেটসের ৪টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২টি, গালফ এয়ারের (বাহরাইন) ২টি ও ফ্লাইট দুবাইয়ের (দুবাই) ৪টি।

এদিকে, ৫ মার্চ পর্যন্ত বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজা, সৌদি আরবের দাম্মাম, কাতারের দোহা এবং কুয়েতের সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

চস/স