গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পর আজ রোববার (২৬ জুন) সকাল ৬টা থেকে পদ্মা সেতু দিয়ে যান চলাচল করছে। এর আগে সেতুর দুই প্রান্তে ভিড় করতে থাকে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, প্রাইভেটকার, মোটরসাইকেলসহ বিভিন্ন ছোটবড় যানবাহন। সকাল ৬টা বাজার সঙ্গে সঙ্গে সেতু পার হতে থাকে এসব যানবাহন।
এরই মধ্যে পদ্মা সেতু পাড়ি দেওয়া প্রথম যানবাহন এবং চালকদের ব্যাপারে জানা গেছে। এর মধ্যে রয়েছেন একজন নারী বাইকারও। তাঁর নাম রুবায়াত রুবা। নারী বাইক চালক হিসেবে প্রথম পদ্মা সেতু পাড়ি দিয়েছেন তিনি।
এ ছাড়া নির্দিষ্ট পরিমাণ টোল দিয়ে ঢাকার কামরাঙ্গীরচর থেকে আসা মোটরসাইকেল আরোহী আনোয়ার হোসেন (ঢাকা মেট্রো হ-৬০-৬০৩৯) প্রথম টোল প্লাজা পার হন। প্রথম ট্রাক—ঢাকা মেট্রো ট-১৮-৭২২২, প্রথম প্রাইভেটকার—ঢাকা মেট্রো গ-২৮-০৯৮৬ এবং প্রথম বাস—ঢাকা মেট্রো হ-১৫-৪৬২৪।
অভিজ্ঞতা জানতে চাইলে রুবায়াত রুবা নামের ওই বাইক চালক বলেন, ‘যেহেতু প্রথম, তাই খুব এক্সাইটেড ছিলাম। যদিও রাস্তায় অনেক জ্যাম ছিল, এটা স্বাভাবিক। অন্য হাইওয়েতে যেমন ভিড় থাকে, ওরকমই ছিল। বেশি সময় লাগেনি, যেহেতু বাইকের একটা আলাদা সারি আছে।’
রুবায়াত আহ্বান জানিয়ে বলেন, ‘আমি কর্তৃপক্ষকে বলব, যেন নিয়ম-কানুনগুলোর দিকে নজর দেন। উলটো দিকে গাড়ি আসা দুর্ঘটনার একটি বড় কারণ, এসব কিছু যেন না হয়। আর যতই আইন-কানুন করা হোক, আমরা জনগণ যদি সচেতন না হই, তাহলে লাভ নেই। আমাদের সবাইকেই সতর্ক হতে হবে। আমার একটা অনুরোধ থাকবে, সবাই যেন ট্রাফিক সিগন্যাল মেনে চলে।’
দেশের সবচেয়ে বড় অবকাঠামো পদ্মা সেতু গতকাল শনিবার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর দেশের এই সবচেয়ে বড় সেতু আজ রোববার সকাল ৬টা থেকে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়।
অনেকেই শখের বশে পদ্মা সেতু পারাপারের জন্য এসেছেন। পাঁচটি কাউন্টারের মাধ্যমে টোল আদায় করা হচ্ছে।
সেতু বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন বলেন, ‘সকাল ৫টা ৫০ মিনিটের দিকে যানবাহন পারাপারের জন্য পদ্মা সেতুর টোল প্লাজা খুলে দেওয়া হয়।’
চস/স


