spot_img

৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, বুধবার
১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ট্রেনের গার্ড ও লোকো মাস্টার অপহৃত, বন্ধ চবির শাটল

পূর্ণাঙ্গ কমিটিতে টাকার বিনিময়ে পদ ও অছাত্রদের রাখার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) লাগাতার অবরোধের ডাক দিয়েছে পদবঞ্চিত নেতাকর্মীরা। সোমবার (১ আগস্ট) সকাল থেকে একই ঘটনায় অবরোধে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

প্রত্যাশা অনুযায়ী পদ না পাওয়া নেতাকর্মীদেরও আন্দোলনে দেখা যায়। রোববার দিবাগত রাত ২টা থেকে মূল ফটকে তালা দিয়ে বিক্ষোভ করতে থাকে তারা।

অপহরণ করা হয়েছে ট্রেনের গার্ড ও লোকো মাস্টারকে। সকাল থেকে আন্দোলনকারীদের বাধার মুখে ক্যাম্পাস থেকে শিক্ষকদের কোনো বাস শহরে যেতে পারেনি। ক্যাম্পাসে বন্ধ রয়েছে রিকশা ও সিএনজি চলাচলও। এতে কার্যত অচল হয়ে পড়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

এদিকে কয়েকজন সাবেক ও বর্তমান নেতারা কমিটি গঠনের ব্যাপারে অসন্তোষ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনা করেছেন। তাদের অনেকে এটাকে ‘ডাউস কমিটি’ হিসেবে অভিহিত করেছেন।

পূর্ণাঙ্গ কমিটিতে সহ সভাপতি পদপ্রাপ্ত শায়ন দাশ গুপ্ত বলেন, ‘যারা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে শুরু থেকে জড়িত ছিলেন তাদের বঞ্চিত করা হয়েছে। টাকার বিনিময়ে এ কমিটিতে বাইরের অনেকেই পদ পেয়েছেন। আমরা এ কমিটি মানি না।’

আন্দোলনকারী ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন বলেন, ‘এ কমিটিতে জ্যেষ্ঠতা রক্ষা হয়নি। রাজপথের নিবেদিত কর্মীদের বাদ দেওয়া হয়েছে। কমিটিতে আছে অছাত্র ও বিবাহিতরা। অনেকে টাকার বিনিময়ে পদ পেয়েছেন। এসব কারণে আমরা বঙ্গবন্ধু আদর্শের কর্মীরা শান্তিপূর্ণ অবরোধের ডাক দিয়েছি। কমিটিতে মাঠের প্রকৃত কর্মীদের অন্তর্ভুক্তের আগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে অবরোধ থাকবে।’

এদিকে নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে ট্রেন ছাড়তে অপারগতা প্রকাশ করে রেলওয়ে কর্তৃপক্ষ। ষোলশহর স্টেশন মাস্টার তন্ময় চৌধুরী বলেন, ‘অবরোধের কারণে বিশ্ববিদ্যালয়গামী কোনো ট্রেন ছেড়ে যায়নি। ঝাউতলা রেলস্টেশন থেকে আমাদের এক লোকো মাস্টার ও গার্ডকে অপহরণ করা হয়েছে।’

প্রসঙ্গত, রোববার দিবগত রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ৩৭৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় সংসদ। এরপর রাত থেকে পদবঞ্চিত ও প্রত্যাশা অনুযায়ী পদ না পাওয়া নেতাকর্মীরা আন্দোলন শুরু করেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss