রাজধানীর উত্তরার জসীমউদ্দীন রোডের আড়ংয়ের শোরুম থেকে মায়ের জন্য কাপড় কিনে শপিং ব্যাগ না পেয়ে ক্ষোভ প্রকাশ করে তিক্ত অভিজ্ঞতা নিয়ে বাসায় ফিরেছেন সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। হাতে করে কাপড় নিয়ে বাসায় ফেরার এই ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা।
বিষয়টি নিয়ে তার ব্যক্তিগত সহকারী জাকির হোসেন শনিবার (১৪ মার্চ) ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্টে দেওয়া ছবিতে দেখা যায়, রুমিন ফারহানা হাতে করে বেশ কয়েকটি কাপড় নিয়ে সিঁড়ি বেয়ে নামছেন।
ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘আজ ইফতারের পর উত্তরার জসীমউদ্দীন রোডের আড়ং-এর শোরুমে যাই। মায়ের জন্য চারটি কাপড় কিনি। কাউন্টারে যাওয়ার পর সাড়ে চার হাজার টাকার বিল ধরিয়ে দিয়ে কোনও ব্যাগ ছাড়াই কাপড় বুঝিয়ে দেয়। কাউন্টার থেকে বলা হয়, কাপড় নেওয়ার ব্যাগের জন্য অতিরিক্ত ৪০ টাকা দিতে হবে।’ তখন প্রশ্ন করি, কেন কাপড়ের জন্য অতিরিক্ত ৪০ টাকা দিতে হবে? অদ্ভুত কথা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে কাপড়গুলো হাতে করে নিয়ে বাসায় আসি।’
তিনি বলেন, ‘মায়ের জন্য ম্যাক্সি কাপড় কিনতেই আড়ংয়ে যেতে হয়েছিল। কারণ মায়ের যে ম্যাক্সির মাপ তা আড়ংয়ের সঙ্গে মিলে যায়। অন্য দোকানে মিল পাওয়া যায় না। সে কারণে আড়ংয়ে যাওয়া। না হলে জীবনেও আড়ংয়ে যেতাম না। আমি নিজের জন্য কোনোদিন আড়ং থেকে কাপড় কিনি নাই।’ সূত্র: বাংলা ট্রিবিউন
চস/স


