spot_img

১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ডেস্ক রিপোর্ট

সর্বশেষ

কুমিল্লায় বাস-ট্রেনের সংঘর্ষে ১২ মৃত্যু: দুই গেটম্যানের কেউই ঘটনাস্থলে ছিলেন না

কুমিল্লার পদুয়ার বাজারে বাস-ট্রেনের সংঘর্ষে ১২ জনের মৃত্যুর ঘটনা গেটম্যানের দায়িত্ব অবহেলা থেকে ঘটেছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে। র‍্যাব জানিয়েছে, দুর্ঘটনার সময় ওই রেলক্রসিংয়ে দায়িত্বরত দুই গেটম্যানের কেউই ঘটনাস্থলে ছিলেন না।

দুর্ঘটনার পর তারা পালিয়ে যান। এ ঘটনায় দায়িত্ব অবহেলায় অভিযুক্ত গেটম্যান মো. হেলালকে (৪১) গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-১১ এর উপ-অধিনায়ক লে. কমান্ডার মো. নাঈম উল হক। তিনি বলেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে কুমিল্লার বুড়িচং থানাধীন শংকুচাইল এলাকা থেকে মো. হেলাল নামে ওই গেটম্যানকে গ্রেপ্তার করে র‍্যাব-১১। তিনি এ ঘটনায় দায়ের করা মামলার ১ নম্বর এজাহারনামীয় আসামি।

গত ২২ মার্চ রাত ৩টা ১০ মিনিটে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার পদুয়ার বাজার বিশ্বরোড ফ্লাইওভারের নিচে রেলক্রসিং পার হওয়ার সময় যশোর থেকে লক্ষ্মীপুরগামী ‘মামুন স্পেশাল’ নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১২ জন নিহত হন এবং ২৫ জন আহত হন।

এই ঘটনায় বাসের যাত্রী নিহত সোহেল রানার খালা বাদী হয়ে লাকসাম রেলওয়ে থানায় মামলা করেন। মামলায় ওই রেলক্রসিংয়ের দুই গেইটম্যানকে আসামি করা হয়।ৎ

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss