চট্টগ্রামের রাউজান পৌরসভায় কাউছার উর জামান বাবলু (৩৬) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে সশস্ত্র দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঢালার মুখ এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে।
নিহত বাবলু ওই এলাকার আবুল কালাম সওদাগরের ছেলে এবং স্থানীয়ভাবে বালু ও ইট সরবরাহকারী হিসেবে পরিচিত ছিলেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবলু তার নানা বাড়ি থেকে মামাতো ভাই পলিনকে নিয়ে ফেরার পথে পূর্ব আলীখীল খামার টিলা এলাকায় হামলার শিকার হন। একদল সশস্ত্র দুর্বৃত্ত প্রথমে তাকে বেদম মারধর করে এবং পরবর্তীতে কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গহিরা জে.কে মেমোরিয়াল হাসপাতাল এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা আবুল কালাম সওদাগর জানান, বাবলু প্রতিবাদী স্বভাবের ছিলেন এবং এলাকায় চাঁদাবাজি নিয়ে স্থানীয় সন্ত্রাসীদের সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ ছিল। এছাড়া স্থানীয় একটি সূত্র দাবি করেছে, বাবলু যুবদলের রাজনীতির সঙ্গেও জড়িত ছিলেন।
রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
চস/স


