চট্টগ্রামের সীতাকুণ্ডে মিয়ানমারে পাচারের সময় দুই ট্রাক ভর্তি ৬০০ বস্তা ইউরিয়া সারসহ দুই পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারী বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে সীতাকুণ্ড থানাধীন বাঁশবাড়িয়া ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। অভিযানকালে কার্গো বোটে পাচারের উদ্দেশ্যে ট্রাক থেকে সার স্থানান্তরের সময় দুই পাচারকারীকে হাতেনাতে আটক করা হয়।
এ সময় পাচারকাজে ব্যবহৃত দুটি ট্রাক এবং প্রায় ২১ লাখ টাকা মূল্যের ৩০ হাজার কেজি (৬০০ বস্তা) ইউরিয়া সার জব্দ করা হয়।
কোস্ট গার্ড জানায়, জব্দকৃত সার, ট্রাক ও আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। চোরাচালান রোধে কোস্ট গার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।
চস/স


