গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ‘এফভি রিফাত’ নামের একটি ফিশিং বোটসহ ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
গত ২৫ সেপ্টেম্বর টেকনাফ থেকে মাছ ধরতে সমুদ্রে যান তারা। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে ফেরার পথে ইঞ্জিন বিকল হয়ে বোটটি সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে ভাসতে থাকে। এ সময় কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করেন এক জেলে।
খবর পেয়ে টহল জাহাজ ‘বিসিজিএস সৈয়দ নজরুল’ তাৎক্ষণিক অভিযান চালিয়ে সেন্টমার্টিন থেকে ১২ নটিক্যাল মাইল দক্ষিণে ভাসমান বোটসহ ১৩ জেলেকে উদ্ধার করে।
উদ্ধারকৃতদের প্রাথমিক চিকিৎসা ও খাবার দেওয়া হয়েছে এবং বোটটি মালিকপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
চস/স


