চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় তিনটি কলেজ থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। এসব কলেজের মোট পরীক্ষার্থী ছিলেন মাত্র ৯ জন। এর মধ্যে দুটি কলেজের দু’জন করে এবং অন্য একটি কলেজের পাঁচজন পরীক্ষার্থী ছিলেন।
শনিবার (৩১ অক্টোবর) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে।
শূন্য পাসের তালিকায় রয়েছে চট্টগ্রামের মেরন সান কলেজ, সৃজনী ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজ এবং কক্সবাজারের বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ।
বোর্ডের ফলাফল অনুযায়ী, মেরন সান কলেজ থেকে দুজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও কেউ পাস করেননি। সৃজনী ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের পাঁচজন পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ হতে পারেননি। অন্যদিকে, কক্সবাজারের বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া দুজন শিক্ষার্থীর ফলও একই।
এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ১১৪টি কেন্দ্রে ২৮০টি কলেজের ৯৬ হাজার ৩৩৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে পাস করেছেন ৫২ দশমিক ০৭ শতাংশ। গত বছরের তুলনায় পাসের হার কমেছে শূন্য দশমিক ৫০ শতাংশ পয়েন্ট।
এবার জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯২৯ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় এ সংখ্যা কমেছে ৩ হাজার ১৬৮ জন।
জেলাভিত্তিক ফলাফলে সবচেয়ে কম পাসের হার খাগড়াছড়িতে ২৯ দশমিক ৮৫ শতাংশ। রাঙামাটিতে পাসের হার ৩৩ দশমিক ২৪ শতাংশ এবং বান্দরবানে ৪১ দশমিক ৪২ শতাংশ। অন্যদিকে চট্টগ্রাম মহানগরীতে পাসের হার ৬৬ দশমিক ২০ শতাংশ।
চস/স


