চট্টগ্রাম নগরের পতেঙ্গায় পোশাকশ্রমিকদের বহনকারী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে মো. আলমগীর (৪৫) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টার দিকে পতেঙ্গা থানার নতুন ব্রিজ এলাকার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর দুর্ঘটনাকবলিত একটি বাসের চালক ছিলেন। আহতদের মধ্যে শারমিন (২৭), লুৎফা বেগম (২১), মাহমুদুর ও হিনজুর রয়েছেন। আহত অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক জানান, দুর্ঘটনার পর আহত ও নিহত ব্যক্তিদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক চালক আলমগীরকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনায় আহত ব্যক্তিদের হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
চস/স


