সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অন্তত ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ তুলে ধরেছে রাষ্ট্রপক্ষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম ও মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপনকালে এ তথ্য নিশ্চিত করা হয়।
সাক্ষীদের বিবরণ অনুযায়ী, জিয়াউল আহসান বিভিন্ন সময়ে ১৫০ থেকে ২০০ জনকে নির্বিচারে হত্যার সঙ্গে জড়িত ছিলেন, যার মধ্যে ১১৫ জনকে ইতোমধ্যে শনাক্ত করা সম্ভব হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মামলাটির প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপনকালে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এসব তথ্য তুলে ধরেন। আদালতে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
যুক্তিতর্কে চিফ প্রসিকিউটর জানান, সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়াসহ বেশ কয়েকজন সামরিক কর্মকর্তার সাক্ষ্য আদালতে উপস্থাপন করা হয়েছে। সাক্ষীদের বর্ণনায় উঠে এসেছে যে, জিয়াউল আহসান সর্বেশেষেই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিলেন। তৎকালীন সেনাপ্রধানও তাকে নিয়ন্ত্রণে রাখতে পারতেন না। শেখ হাসিনা এবং তার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের সরাসরি আশ্রয়-প্রশ্রয়েই জিয়াউল এসব কর্মকাণ্ড চালাতেন। মূলত রাজনৈতিক বিরোধীদের দমন-পীড়নে শেখ হাসিনার নির্দেশেই তিনি অপরাধমূলক অভিযান পরিচালনা করতেন।
মামলার বিচারে ফৌজদারি আইনের বিধান অনুযায়ী জিয়াউল আহসানের কয়েকজন সামরিক সহযোগীকে ‘অ্যাকমপ্লিস উইটনেস’ বা অপরাধের সহযোগী সাক্ষী (রাজসাক্ষী) হিসেবে উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ। প্রসিকিউশন জানায়, ওই কর্মকর্তারা অনেক ঘটনার প্রত্যক্ষদর্শী হওয়ায় তাদের সাক্ষ্য মামলার মোড় ঘুরিয়ে দিয়েছে।
এ ছাড়া যুক্তিতর্কে র্যাবের সাবেক কমান্ডার সোহায়েলের কর্মকাণ্ডও তুলে ধরা হয়। অভিযোগ করা হয়, সোহায়েল তার অনুগত কয়েকজন সাংবাদিককে সঙ্গে নিয়ে অভিযানে যেতেন এবং প্রকৃত ঘটনা গোপন রেখে নিজেদের ইচ্ছেমতো সংবাদ প্রচার করাতেন।
যুক্তিতর্ক শেষে ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, “রাষ্ট্রের পক্ষ থেকে বিচার নিশ্চিত করতে গিয়ে এমন কিছু তথ্য তুলে ধরতে হচ্ছে, যা শুনে দু-একজন ব্যক্তির অপরাধের কারণে সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থায় আঘাত লাগতে পারে। তবে আমাদের উদ্দেশ্য হলো অপরাধের ন্যায়বিচার নিশ্চিত করা, যাতে ভবিষ্যতে কেউ পদের অপব্যবহার করে এমন ঘৃণ্য অপরাধ করার সাহস না পায়।”
তিনি আরও জানান, আগামীতে যুক্তিতর্ক উপস্থাপনের সময় তিনি বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক ও দেশীয় ট্রাইব্যুনালে এ ধরনের গুরুতর অপরাধের বিচারের নজির ও দৃষ্টান্ত তুলে ধরবেন।
উল্লেখ্য, বাংলাদেশের ইতিহাসে গুমের ঘটনায় এটিই প্রথম মামলা, যার যুক্তিতর্ক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
চস/স


