spot_img

১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

৩ ঘণ্টারও কম সময়ে চট্টগ্রামে ৬ ট্রেনের টিকিট শেষ

অগ্রিম টিকিট দেওয়ার তৃতীয় দিনে তিন ঘণ্টারও কম সময়ে ৬ ট্রেনের টিকিট বিক্রি শেষ হয়েছে। অন্য দুদিনের তুলনায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে যাত্রীর চাপ ছিল কয়েকগুণ বেশি। টিকিট পেতে কেউ কেউ আগের রাত থেকে অপেক্ষা করেছেন। টিকিট কালোবাজারি রোধে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক, বিভাগীয় ব্যবস্থাপকসহ ঊর্ধ্বতনরা স্টেশন পরিদর্শন করেছেন।

আজ রোববার সকাল ৮টা থেকে কাউন্টারে ৭ জুলাইয়ের টিকিট দেওয়া হয়। অনলাইনেও একই সময় টিকিট বিক্রি হয়। যাত্রীর চাপেন কারণে সার্ভার ডাউন থাকায় অনলাইনে কেউ কেউ টিকিট কাটতে পারেননি বলে জানিয়েছেন।

রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী বলেন, ‘তূর্ণা নিশিতা, সোনার বাংলা, পাহাড়িকা, উদয়ন, মেঘনা ও বিজয় এক্সপ্রেস ট্রেনের টিকিট সকাল ১১টায় শেষ হয়ে যায়। যাত্রীর চাপ এত বেশি ছিল, কাউন্টারে টিকিট বিক্রি করতে অনেক হিমশিম খেতে হয়েছে। তবে আমাদের শক্ত অবস্থানের কারণে সুশৃঙ্খলভাবে টিকিট বিক্রি করতে পেরেছি।’

জানা যায়, ওই ৬ ট্রেনে প্রায় ৫ হাজার টিকিট রয়েছে। কাউন্টারে অর্ধেক ও অনলাইনে অর্ধেক টিকিট বিক্রি হয়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, কোরবানির ঈদ উপলক্ষে এবার ১-৫ জুলাই পর্যন্ত অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে। বাতিল করা হয়েছে ট্রেনের বন্ধের শিডিউলও। ঈদে ৬ জোড়া যেসব স্পেশাল ট্রেনও চলাচল করবে। স্পেশাল ট্রেনগুলো হলো, ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটের দেওয়ানগঞ্জ স্পেশাল, চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে চাঁদপুর স্পেশাল, একই রুটে চাঁদপুর স্পেশাল-২, জয়দেবপুর-পঞ্চগড়-জয়দেবপুর রুটের পঞ্চগড় স্পেশাল, ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার রুটের সোলাকিয়া স্পেশাল-১ এবং ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে সোলাকিয়া স্পেশাল-২।

এর মধ্যে দেওয়ানগঞ্জ স্পেশাল ও চাঁদপুর স্পেশাল ১-২ ঈদের তিন দিন আগে এবং ঈদের পরের দিনসহ ৫ দিন চলাচল করবে। পঞ্চগড় স্পেশাল ঈদের তিন দিন আগে ও পরের চার দিন চলাচল করবে। সোলাকিয়া স্পেশাল-১ এবং ২ ঈদের দিন চলাচল করবে।

এদিকে যাত্রীদের সুবিধার্থে ঈদের ৬ দিন আগে থেকে যেসব দিনে ট্রেন চলত না, ওই সব দিনেও ট্রেন চলাচল করবে। তবে ঈদের দিন কোনো আন্তনগর ট্রেন চলাচল করবে না। বিশেষ ব্যবস্থাপনায় ১-৫ জুলাই পর্যন্ত অগ্রিম টিকিট বিক্রি করা হবে।

এর মধ্যে ১ জুলাই দেওয়া হয় ৫ জুলাইয়ের টিকিট, একইভাবে ২ জুলাই ৬ জুলাইয়ের, ৩ জুলাই ৭ জুলাইয়ের, ৪ জুলাই ৮ জুলাইয়ের ও ৫ জুলাই দেওয়া হবে ৯ জুলাইয়ের টিকিট। ‘টিকিট যার ভ্রমণ তার’ এই স্লোগান বাস্তবায়ন করবে রেলওয়ে। এই জন্য টিকিট কেনার সময় অবশ্যই জাতীয় পরিচয়পত্র অথবা জন্মসনদের ফটোকপি সঙ্গে থাকতে হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss