চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জমি দখলমুক্ত করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের তীব্র বাধার মুখে পড়েছেন ম্যাজিস্ট্রেট ও রেলওয়ে কর্মকর্তারা। বুধবার সকালে উপজেলার কুমিরা জোড়ামতলা এলাকার মহাসড়ক সংলগ্ন কেওয়াইসিআর ইন্ডাস্ট্রির পাশে এ ঘটনা ঘটে।
এ সময় সেখানকার প্রায় ৩০০ পরিবারের সদস্যরা উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেন এবং উচ্ছেদ স্থগিত করে সময় দেওয়ার দাবি জানান। আন্দোলনকারীদের দাবি, তাঁরা দীর্ঘ ৩০ বছর ধরে সেখানে বসবাস করছেন। বিকল্প আবাসন নিশ্চিত না করে হঠাৎ উচ্ছেদ করা হলে পরিজন নিয়ে তাঁদের খোলা আকাশের নিচে দাঁড়াতে হবে।
অন্যদিকে রেলওয়ে কর্তৃপক্ষের দাবি, নিয়ম মেনে নির্ধারিত ১৫ কার্যদিবসের নোটিশ দেওয়ার পরই এ অভিযান চালানো হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগের ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. খোরশেদ আলম চৌধুরী জানান, কুমিরা পুরাতন রেলওয়ে সেতু ইয়ার্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মেইন লাইনের পশ্চিম পাশে অবৈধ টিনশেড ও ঝুপড়ি ঘর গড়ে তোলা হয়েছিল। একাধিকবার বলা হলেও অবৈধ দখল না ছাড়ায় আইন অনুযায়ী এই অভিযান পরিচালনা করা হচ্ছে।
চস/স


