spot_img

১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, শনিবার
২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ডেস্ক রিপোর্ট

সর্বশেষ

নতুন সম্ভাবনার দ্বার খুলতে যাচ্ছে লালদিয়া কনটেইনার টার্মিনাল

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলতে যাচ্ছে লালদিয়া কনটেইনার টার্মিনাল। দীর্ঘদিনের অপেক্ষার পর আগামী রোববার (৩০ আগস্ট) পতেঙ্গার কর্ণফুলী নদীর তীরে টার্মিনালটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। ডেনমার্কের এপিএম টার্মিনালসের প্রায় ৫৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে নির্মিতব্য এ টার্মিনাল চালু হলে সর্বোচ্চ ৬ হাজার টিইইউ ধারণক্ষমতার কনটেইনারবাহী জাহাজ সরাসরি ভেড়ানোর সুযোগ তৈরি হবে। একই সঙ্গে চট্টগ্রাম বন্দরের বার্ষিক কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা প্রায় ৮ লাখ টিইইউ বাড়বে।

চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, লালদিয়া কনটেইনার টার্মিনাল চালু হলে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা ও দক্ষতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। বড় জাহাজ সরাসরি ভেড়ানোর সুযোগ তৈরি হওয়ায় বাংলাদেশের পণ্য পরিবহনে আঞ্চলিক ট্রান্সশিপমেন্ট বন্দরের ওপর নির্ভরতা কমবে। এতে সময় ও ব্যয় দুটিই সাশ্রয়ের সুযোগ তৈরি হবে। একইসঙ্গে আন্তর্জাতিক বাণিজ্যে দেশের প্রতিযোগিতা সক্ষমতা বাড়বে।

বর্তমানে চট্টগ্রাম বন্দরে সর্বোচ্চ প্রায় ২ হাজার ৭০০ টিইইউ ধারণক্ষমতার জাহাজ সরাসরি ভেড়ানো যায়। এর চেয়ে বড় জাহাজের ক্ষেত্রে বাংলাদেশের আমদানি-রপ্তানি পণ্য ছোট জাহাজে করে সিঙ্গাপুর, কলম্বোসহ আঞ্চলিক ট্রান্সশিপমেন্ট বন্দরে পাঠিয়ে সেখানে বড় জাহাজে স্থানান্তর করতে হয়। ফলে পণ্য পরিবহনে অতিরিক্ত সময় ও ব্যয় উভয়ই বাড়ে। এপিএম টার্মিনালসের হিসাবে, এ প্রক্রিয়ায় কোনো কোনো ক্ষেত্রে ৭ থেকে ১৪ দিন পর্যন্ত অতিরিক্ত সময় লাগতে পারে। লালদিয়া টার্মিনাল চালু হলে বড় জাহাজ সরাসরি ভেড়ার সুযোগ তৈরি হওয়ায় ট্রান্সশিপমেন্টের এই অতিরিক্ত ধাপ কমে আসবে। এতে বিশেষ করে ইউরোপ, উত্তর আমেরিকাসহ বিভিন্ন আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের রপ্তানি পণ্য পাঠাতে সময় সাশ্রয় হবে। সময়নির্ভর তৈরি পোশাক রপ্তানিতেও এর ইতিবাচক প্রভাব পড়তে পারে। একই সঙ্গে আমদানি পণ্য দ্রুত খালাস ও সরবরাহের ক্ষেত্রেও বাড়তি সুবিধা মিলবে।

এক দশকের অপেক্ষার অবসান

লালদিয়া কনটেইনার টার্মিনাল নির্মাণের পরিকল্পনা এক দশকেরও বেশি সময় ধরে আলোচনায় রয়েছে। ২০১৩ সালে প্রকল্পটির নীতিগত অনুমোদনের উদ্যোগ নেওয়া হলেও বিভিন্ন প্রশাসনিক ও বাস্তব জটিলতার কারণে দীর্ঘ সময়েও তা বাস্তবায়নের পর্যায়ে পৌঁছাতে পারেনি। পরে লালদিয়া চরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জমি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে নেওয়ার পর প্রকল্পটি গতি পায়। বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে পরিবেশবান্ধব ও টেকসই অবকাঠামো উন্নয়নে সহযোগিতার ধারাবাহিকতায় প্রকল্পটি সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। এ লক্ষ্যে ২০২১ সালের ৩০ জুন দুই দেশের সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। পরে ডেনমার্কভিত্তিক মারস্ক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস ২০২৩ সালের ২১ মে লালদিয়ায় কনটেইনার টার্মিনাল নির্মাণে আগ্রহ প্রকাশ করে প্রস্তাব দেয়। একই বছরের ২৯ নভেম্বর অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি পিপিপি পদ্ধতিতে প্রকল্পটি বাস্তবায়নের নীতিগত অনুমোদন দেয়।

এরপর ২০২৪ সালের ৩ জানুয়ারি বাংলাদেশ-ডেনমার্ক প্রথম পিপিপি যৌথ প্ল্যাটফর্মের সভায় প্রকল্পটি উপস্থাপন করা হয় এবং এপিএম টার্মিনালস প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব গ্রহণ করে। ২০২৫ সালের ১৭ নভেম্বর এপিএমটি বিভিকে প্রকল্প বাস্তবায়নের জন্য কার্যাদেশ দেওয়া হয়। একই দিনে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও এপিএমটি বিভির মধ্যে কনসেশন চুক্তি স্বাক্ষরিত হয়। ২০২৬ সালের ১৬ মার্চ চুক্তির কার্যকারিতা শুরু হয়। এরপর চুক্তিতে নির্ধারিত পূর্বশর্তগুলো পূরণ করে ২২ এপ্রিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এপিএম টার্মিনালসের কাছে প্রকল্পের সাইট হস্তান্তর করে।

৩৩ বছরের কনসেশন

পিপিপির আওতায় বাস্তবায়ন হওয়া প্রকল্পে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জমি ও বন্দরের মালিকানা ধরে রাখবে। আর এপিএম টার্মিনালস প্রকল্পটির নকশা, অর্থায়ন, নির্মাণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে। ৩৩ বছরের কনসেশন চুক্তির মধ্যে প্রথম তিন বছর নির্মাণপর্ব এবং পরবর্তী ৩০ বছর পরিচালনার মেয়াদ। চুক্তির শর্ত অনুযায়ী নির্ধারিত সময় শেষে টার্মিনাল হস্তান্তরের ব্যবস্থা রয়েছে। এপিএম টার্মিনালস চুক্তির শর্ত যথাযথভাবে পূরণ করলে পরিচালনার মেয়াদ আরও ১৫ বছর বাড়ানোর সুযোগ রয়েছে।

৪৯ একর জমিতে আধুনিক টার্মিনাল

কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে লালদিয়া চরে, চট্টগ্রাম বন্দর থেকে প্রায় ৯ কিলোমিটার ভাটিতে গুপ্তা বাঁকের পরবর্তী এলাকায় টার্মিনালটি নির্মাণ করা হবে। প্রকল্পের মোট ভূমির পরিমাণ প্রায় ৪৯ দশমিক ১৫ একর। এর মধ্যে ৩২ একর জায়গায় মূল টার্মিনাল, প্রায় ৭ দশমিক ১৫ একর জায়গায় কনটেইনার ইয়ার্ড এবং প্রায় ১০ একর জায়গার একটি অংশে ট্রাক পার্কিং ও প্রি-গেট সুবিধা থাকবে। প্রস্তাবিত টার্মিনালে ৬১৬ মিটার দীর্ঘ জেটি নির্মাণ করা হবে। নকশা অনুযায়ী সর্বোচ্চ ১০ মিটার ড্রাফটের জাহাজ হ্যান্ডলিংয়ের ব্যবস্থা থাকবে। কনটেইনার ওঠানো-নামানোর জন্য থাকবে সাতটি জাহাজ থেকে তীরে কনটেইনার ওঠানো-নামানোর ক্রেন এবং ইয়ার্ডে থাকবে ৩২টি বিদ্যুৎচালিত রাবার-চাকা ক্রেন। টার্মিনালের বার্ষিক কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা নির্ধারণ করা হয়েছে প্রায় ৮ লাখ টিইইউ।

৫৫০ মিলিয়ন ডলারের বিনিয়োগ

লালদিয়া কনটেইনার টার্মিনালে এপিএম টার্মিনালস প্রায় ৫৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করছে, যা বর্তমান বিনিময় হার অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ হাজার ৭০০ কোটি টাকা। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় এত বড় বিদেশি বিনিয়োগে নতুন কনটেইনার টার্মিনাল নির্মাণকে দেশের বন্দর অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখা হচ্ছে। প্রকল্পটির বড় সুবিধা হলো, সরকারি অর্থে বড় ধরনের মূলধনী বিনিয়োগ ছাড়াই আন্তর্জাতিক বন্দর পরিচালনার অভিজ্ঞতা, আধুনিক প্রযুক্তি ও বেসরকারি বিনিয়োগ কাজে লাগানোর সুযোগ তৈরি হবে। পাশাপাশি বিদেশি বিনিয়োগের মাধ্যমে সমুদ্রবন্দর অবকাঠামোয় দীর্ঘমেয়াদি অর্থায়নের নতুন ক্ষেত্রও উন্মুক্ত হবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) ও বন্দর বিশেষজ্ঞ মো. জাফর আলম বলেন, সবচেয়ে বড় সুবিধা হলো কোনো ধরনের বিনিয়োগ ছাড়াই বড় একটি অবকাঠামো পাওয়া যাচ্ছে। এতে বিদেশি বিনিয়োগ আসার পাশাপাশি বন্দরের সক্ষমতাও বাড়বে। তবে নির্ধারিত সময়ে প্রকল্পের কাজ শেষ করাই বড় চ্যালেঞ্জ।

গ্রিন প্রযুক্তিতে টার্মিনাল

বন্দরের কর্মকর্তারা জানান, লালদিয়া টার্মিনালের নকশায় পরিবেশবান্ধব প্রযুক্তিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কনটেইনার ওঠানো-নামানো ও ইয়ার্ড পরিচালনায় বিদ্যুৎচালিত যন্ত্রপাতি ব্যবহার করা হবে। সৌরবিদ্যুৎ ব্যবহারের ব্যবস্থাও থাকবে। ভবিষ্যতে বন্দরে অবস্থানরত জাহাজকে সরাসরি বিদ্যুৎ সরবরাহের উপযোগী অবকাঠামো রাখার পরিকল্পনাও রয়েছে। ইয়ার্ডের ক্রেনগুলো প্রচলিত পদ্ধতির পরিবর্তে নিয়ন্ত্রণকক্ষ থেকে দূরনিয়ন্ত্রিত ব্যবস্থায় পরিচালনার পরিকল্পনা রয়েছে। এতে কর্মীদের ঝুঁকি কমানোর পাশাপাশি পরিচালন দক্ষতা বাড়ানো সম্ভব হবে। জ্বালানি ব্যবহার ও কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যেই এসব প্রযুক্তি যুক্ত করা হচ্ছে।

নির্মাণপর্বে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। টার্মিনাল চালুর পর সরাসরি কয়েকশ মানুষের স্থায়ী কর্মসংস্থান হবে। এর বাইরে পরিবহন, গুদামজাতকরণ, পণ্য খালাস, জাহাজসেবা ও সংশ্লিষ্ট অন্যান্য খাতে পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ বাড়বে। নতুন প্রযুক্তিনির্ভর পরিচালন ব্যবস্থা চালু হওয়ায় দূরনিয়ন্ত্রিত যন্ত্রপাতি পরিচালনা, তথ্যপ্রযুক্তি ও বন্দর ব্যবস্থাপনায় দক্ষ জনবলের প্রয়োজন হবে। ফলে স্থানীয় কর্মীদের নতুন ধরনের দক্ষতা অর্জনের সুযোগও তৈরি হবে।

নাব্যতা ও যোগাযোগ বড় চ্যালেঞ্জ

ব্যবসায়ী ও বন্দর সংশ্লিষ্টরা জানান, লালদিয়া টার্মিনালের সুফল পুরোপুরি পেতে শুধু নির্মাণকাজ শেষ করাই যথেষ্ট নয়। বড় জাহাজ চলাচলের জন্য কর্ণফুলী নদীর নাব্যতা ও নেভিগেশন ব্যবস্থা সচল রাখা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে টার্মিনালের সঙ্গে সড়ক ও রেল যোগাযোগ এবং বন্দর থেকে দ্রুত পণ্য পরিবহনের সক্ষমতা বাড়াতে হবে। টার্মিনালে কনটেইনার হ্যান্ডলিং বাড়লেও বন্দর থেকে পণ্য দ্রুত বের করে নেওয়ার ব্যবস্থা দুর্বল থাকলে অভ্যন্তরীণ পরিবহনব্যবস্থায় নতুন করে জট তৈরি হতে পারে। কাস্টমস, পণ্য খালাস ও পরিবহন ব্যবস্থার গতি বাড়ানোর বিষয়টিও প্রকল্পের সুফল নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক জাহাজ কোম্পানিগুলোর সরাসরি সেবা নিশ্চিত করাও বড় বিষয়। অবকাঠামো নির্মাণের পাশাপাশি প্রতিযোগিতামূলক বন্দরসেবা ও নির্ভরযোগ্য নেভিগেশন নিশ্চিত করা গেলে বড় জাহাজের নিয়মিত সরাসরি আগমন বাড়ানোর সুযোগ তৈরি হবে।

আঞ্চলিক লজিস্টিকস হাব হওয়ার সুযোগ

বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার চট্টগ্রাম বন্দর। প্রতিবছর আমদানি-রপ্তানি বাণিজ্যের পরিমাণ বাড়ার সঙ্গে বন্দরের ওপর চাপও বাড়ছে। লালদিয়া টার্মিনাল সেই চাপ মোকাবিলায় সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দেশের সমুদ্রবাণিজ্যে কাঠামোগত পরিবর্তনের সুযোগ তৈরি করছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, কর্ণফুলী টানেল ও মেরিন ড্রাইভ সড়কের সঙ্গে সংযোগ থাকায় দেশের প্রধান শিল্প ও বাণিজ্যিক কেন্দ্রগুলোর সঙ্গে যোগাযোগের সুযোগ থাকবে টার্মিনালটির। শিল্পাঞ্চলের কাছাকাছি অবস্থান এবং কর্ণফুলী নদীর সরাসরি সংযোগ দেশের তৈরি পোশাকসহ বিভিন্ন শিল্পের সরবরাহব্যবস্থা আরও কার্যকর করতে সহায়তা করতে পারে।

বড় জাহাজের সরাসরি সংযোগ, আধুনিক পরিচালন প্রযুক্তি এবং পরিবেশবান্ধব অবকাঠামো একসঙ্গে কার্যকর হলে চট্টগ্রাম বন্দরের আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়তে পারে। একই সঙ্গে ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক যোগাযোগ জোরদার করে দেশকে আঞ্চলিক লজিস্টিকস হাব হিসেবে গড়ে তোলার ক্ষেত্রেও প্রকল্পটি ভূমিকা রাখতে পারে।চট্টগ্রাম চেম্বার সভাপতি আমিরুল হক বলেন, আমরা কোনোভাবেই কাউকে বাংলাদেশে আনতে পারিনি। একসময় এসএসএ বাংলাদেশে আসতে চেয়েছিল। কিন্তু আমাদের রাজনৈতিক সরকারগুলোর দূরদর্শিতার অভাবে তাদের আসতে দেওয়া হয়নি। আমি কাউকে ব্যক্তিগতভাবে দোষারোপ করতে চাই না। তবে এসএসএ বাংলাদেশ যখন মোহনায় গ্রিনফিল্ড প্রকল্প করতে চেয়েছিল, তখন আমরা তাদের সুযোগ দিইনি। তারা যেখানে প্রকল্প করতে চেয়েছিল, তার বিপরীতে এখন ক্যাথকর বা সিএসএল রয়েছে।

তিনি বলেন, বর্তমানে যেখানে টার্মিনালটি নির্মাণ করা হচ্ছে, সেটি দেশের জন্য একটি নতুন মাইলফলক। শিপিং ও টার্মিনাল ব্যবসা পরিচালনায় পেশাদারত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা আন্তর্জাতিক অপারেটরদের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব। বিশ্বের বিভিন্ন দেশে নামকরা হোটেল চেইন ও বিমানবন্দর বিশেষায়িত ও পেশাদার আন্তর্জাতিক অপারেটরদের মাধ্যমে পরিচালিত হয়। একইভাবে শিপিং শিল্পের টার্মিনালগুলোও আন্তর্জাতিক অপারেটরদের দিয়ে পরিচালনা করা উচিত। আমিরুল হক আরও বলেন, আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নেগোসিয়েশনের সময় বাংলাদেশের প্রতিনিধিরা দেশের স্বার্থে কতটুকু আদায় করতে পারছেন। তৎকালীন ও বর্তমান বিডা চেয়ারম্যান, তার টিম এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের যারা এই নেগোসিয়েশন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন, দেশের লজিস্টিক খাতে এই অবদানের জন্য তাদের ধন্যবাদ জানাই। তিনি বলেন, এটি একটি শুভ সূচনা। ২০১২ সাল থেকে গত ১৪ বছর ধরে আমরা এই টার্মিনালের স্বপ্ন দেখে আসছি। দক্ষ অপারেটরের হাতে দায়িত্ব দেওয়া হলে টার্মিনালগুলো সঠিকভাবে গড়ে উঠবে। অয়েল টার্মিনাল ও এলপিজি টার্মিনালসহ বিভিন্ন ক্ষেত্রে বেসরকারি খাতকে আরও বেশি সম্পৃক্ত করা দরকার, যাতে কোনো একক শক্তির হাতে ক্ষমতা কুক্ষিগত না থাকে। তবে বেসরকারি ব্যবস্থাপনায় দেওয়ার পাশাপাশি দেশের স্বার্থ কীভাবে রক্ষা করা হচ্ছে, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমি আশিক চৌধুরীকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। সূত্র: বিজনেস বার্তা

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss