spot_img

৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

পুতিনকে জয়ী হতে দেওয়া হবে না: জি-৭

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হতে দেওয়া হবে না বলে অঙ্গীকার করেছেন বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর সংগঠন জি ৭-এর নেতারা। মঙ্গলবার (২৮ জুন) জার্মানিতে অনুষ্ঠিত তিন দিনব্যাপী শীর্ষ সম্মেলনের শেষ দিনে তারা এই ঘোষণা দেন। খবর বিবিসির।

একই সঙ্গে ইউক্রেনে আগ্রাসনের দায়ে রাশিয়াকে চরম রাজনৈতিক ও অর্থনৈতিক মূল্য দিতে হবে বলেও জানান তারা। সম্মেলনে ইউক্রেনের শপিংমলে ক্ষেপণাস্ত্র হামলা ও হতাহতের ঘটনায় নিন্দা জানানোর পাশাপাশি এ ঘটনার জন্য রাশিয়াকে জবাবদিহি করারও ঘোষণা দেন তারা।

এ সম্মেলনে রাশিয়ার বিরুদ্ধে আরও বেশকিছু নিষেধাজ্ঞার পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে- দেশটির তেলের দাম কমানো, স্বর্ণ আমদানি নিষিদ্ধ করা ও সামরিক নিষেধাজ্ঞা। সেইসঙ্গে ইউক্রেনকে দীর্ঘমেয়াদি সহায়তার ব্যাপারেও সম্মত এই ৭ দেশ।

এদিকে, বিশ্বে খাদ্য সংকট সৃষ্টির জন্য রাশিয়াকেই দায়ী করেছেন জি৭-এর নেতারা। তারা বলছেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে বিশ্বব্যাপী খাদ্য সংকট ব্যাপকভাবে তৈরি হচ্ছে। তারা মনে করেন, বিশ্বের প্রায় ৩২ কোটির বেশি মানুষকে খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ফেলবে এ যুদ্ধ।

বিশ্বব্যাপী খাদ্য সংকট মোকাবিলায় আরও ৪৫০ কোটি ডলারের তহবিলের প্রতিশ্রুতি দিয়েছে ধনী দেশগুলো। সেইসঙ্গে বন্দরের অবরোধ তুলে নেওয়ার পাশাপাশি ইউক্রেনের ফসল উৎপাদন ও রপ্তানি বাধাগ্রস্ত না করতে রাশিয়ার প্রতি আহ্বান জানানো হয়েছে। খাদ্য মজুত না করতেও বিশ্বের বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান তারা।

ইউক্রেনের মধ্যাঞ্চলীয় ক্রেমেনচুক নগরীর জনাকীর্ণ একটি শপিংমলে ক্ষেপণাস্ত্র হামলায় ১৮ জনের প্রাণহানি ও অর্ধশতাধিক মানুষ আহতের ঘটনাকে ইউরোপের ইতিহাসে সবচেয়ে বিদ্বেষপূর্ণ সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

জনাকীর্ণ এলাকায় মস্কোর এ হামলার পর রাশিয়াকে বিশ্বের শীর্ষ সন্ত্রাসী দেশ বলে উল্লেখ করে জেলেনস্কি বলেন, ‘পুরোপুরি উন্মাদ সন্ত্রাসীরাই কেবল এমন হামলা চালাতে পারে, পৃথিবীতে যাদের কোনো স্থান থাকা উচিত নয়। এটি ভুল নয়, বরং হামলাটি ছিল পূর্বপরিকল্পিত’।

জেলেনস্কি বলেছেন, হামলার সময় শপিংমলটিতে প্রায় ১ হাজার মানুষ ছিল। এর মধ্যে অনেকে এখনও নিখোঁজ, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান তিনি।

যদিও রাশিয়ার সামরিক বাহিনী বলেছে, মধ্য ইউক্রেনের একটি অস্ত্রের ডিপোতে হামলা করা হয়েছিল, এরপর সেটির বিস্ফোরণ গিয়ে আঘাত করে শপিংমলে।

শপিংমলে হামলা ও হতাহতের ঘটনায় নড়েচড়ে বসে জাতিসংঘ। বেসামরিক নাগরিকদের হামলার লক্ষ্যবস্তু করায় মঙ্গলবার জরুরি বৈঠকের ডাক দেয় সংস্থাটি। যেখানে ক্রেমেনচুক হামলাকে প্রধান আলোচ্য বিষয় হিসেবে রাখা হয়।

রাশিয়া বলছে, ইউক্রেন আত্মসমর্পণ করলেই কেবল হামলা বন্ধ হবে। একই সঙ্গে অস্ত্র নামিয়ে রাখতে ইউক্রেনীয় সেনাদের নির্দেশ দিতেও কিয়েভের প্রতি আহ্বান তাদের।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss