পালিয়ে যাওয়া শ্রীলংকার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশে ফিরে এসেছেন। কিছুদিন ধরে সাময়িক ভিসা নিয়ে থাইল্যান্ডে অবস্থান করছিলেন তিনি। সেখান থেকেই গতকাল শুক্রবার (২ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে সিঙ্গাপুর হয়ে কলম্বো ফেরেন। খবর বিবিসি।
দেশটির বিমানবন্দরে কয়েকজন মন্ত্রী গোতাবায়াকে অভ্যর্থনা জানান বলে খবর পাওয়া গেছে।
শ্রীলংকার গণমাধ্যমে আসা খবর অনুযায়ী, কলম্বোতে গোতাবায়ার জন্য একটি বাড়ি দেখেছে দেশটির সরকার। তবে তিনি সরাসরি সেখানেই উঠবেন নাকি কিছুদিন সামরিক ব্যবস্থাপনায় থাকবেন তা নিশ্চিত করতে পারেনি।
শ্রীলংকার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের জন্য গোতাবায়া সরকারকে দায়ী করে দেশটির মানুষ। সম্প্রতি বৈদেশিক মুদ্রার সংকটের জের ধরে ব্যাপক খাদ্য ও জ্বালানি সংকট দেখা দেয়। বিক্ষোভের একপর্যায়ে সমাজের বিভিন্ন স্তরের লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসে।
গত ৯ জুলাই বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে পড়ে। এর কিছুক্ষণ আগে সরকারি বাড়িটি ছেড়ে যান গোতাবায়া। ১৩ জুলাই সামরিক বিমানে দেশ ছেড়ে পালিয়ে প্রথমে মালদ্বীপ এবং পরে এক মাস সিঙ্গাপুর অবস্থান করে থাইল্যান্ডে যান।
কয়েকদিন আগে শ্রীলংকা সরকার জানায়, গোতাবায়া দেশে ফিরলে সাবেক প্রেসিডেন্ট হিসেবে নিরাপত্তা ও অন্যান্য সুবিধা পাবেন তিনি।
এ দিকে গণবিক্ষোভের অন্যতম নেতা ফাদার জিভান্থা বলেছেন, শ্রীলংকার যে কোন নাগরিকই দেশে ফিরে আসতে পারেন।
প্রতিবাদকারীদের অনেকেই বলছেন, গোতাবায়া রাজাপাকসে যদি আবার রাজনীতি বা সরকারে সক্রিয় হতে চান তাহলে তারা এর বিরোধিতা করবেন।
চলতি সপ্তাহে শ্রীলংকা সরকার প্রায় ৩০০ কোটি ডলার ঋণের বিষয়ে আইএমএফের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে। এ জন্য দেশটিকে আর্থিক সংস্কারসহ অনেকগুলো শর্ত মেনে নিতে হবে। শ্রীলংকার সরকারকে একইসঙ্গে ৫১ বিলিয়ন ডলার ঋণের বিষয়টিও পুনর্বিন্যাস করতে হবে।
চস/এস


