spot_img

২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

১০ জুন চট্টগ্রামে চালু হচ্ছে পর্যটক বাস

বন্দর নগরী চট্টগ্রামের সড়ক পথে ১০ জুন প্রথমবারের মতো চালু হচ্ছে পর্যটক বাস। পতেঙ্গা সমুদ্র সৈকত ও ফৌজদারহাটে নবনির্মিত ডিসি পার্ককে ঘিরে চলবে এই পর্যটক বাস। প্রাথমিকভাবে দুইটি বাস নিয়ে পর্যটক বাস সার্ভিসের যাত্রা শুরু হবে।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) সহযোগিতায় নতুন এই পর্যটক বাসের ব্যবস্থাপনায় থাকছে চট্টগ্রাম জেলা প্রশাসন। আগামী ১০ জুন পর্যটকদের জন্য নতুন এই বাস সেবার উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।

প্রথমিক পর্যায়ে বিআরটিসির দুটি দ্বিতল বাসকে পর্যটক বাস হিসেবে তৈরি করা হচ্ছে। এর মধ্যে পর্যটকদের চাহিদার কথা মাথায় রেখে একটি ছাদখোলা বাসও রাখা হয়েছে।

প্রতিদিন বিকেল ৩টা ও ৪টায় নগরীর টাইগার পাস থেকে ডিসি পার্ক হয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতের পথে যাত্রা করবে পর্যটক বাস। সন্ধ্যা ৭টা ও রাত ৮টায় শহরে ফিরবে বাস দুটি। তবে ছুটির দিনগুলোতে বিকেলের পাশাপাশি সকালেও চলাচল করবে এই দুই বাস।

প্রতি শুক্রবার সকাল ৯টায় টাইগার পাস থেকে পতেঙ্গা সমুদ্র সৈকতে যাত্রা করে বেলা ১২টায় একই বাসে ফেরা যাবে শহরে। অন্যদিকে শনিবার সকাল সাড়ে ৯টা ও সাড়ে ১০টায় দুবার টাইগার পাস থেকে পতেঙ্গা সমুদ্র সৈকতের উদ্দেশ্যে যাত্রা করবে পর্যটক বাস। বাস দুটো পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে টাইগার পাসের উদ্দেশে ফিরতি যাত্রা করবে বেলা ১২টা ও দুপুর ১টায়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, চট্টগ্রামকে দেশের প্রথম স্মার্ট জেলা হিসাবে রূপান্তিরত করার উদ্যোগ নেয়া হয়েছে। ইতোমধ্যে নানা উদ্যোগ ও কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় চট্টগ্রামের পর্যটকদের জন্য দুটি ডাবল ডেকার বাস নিয়ে পর্যটক বাসের যাত্রা করছে।

বিআরটিসি সূত্রে জানা গেছে, প্রতিটি বাসে চালকের সহকারীর কাছ থেকে টিকিট সংগ্রহ করে পর্যটক বাসে ভ্রমণ করতে পারবেন যে কেউ। নাগালের মধ্যেই রাখা হয়েছে পর্যটক বাসের ভাড়া। শহরের অন্যান্য গণপরিবহনের মতো যেখানে সেখানে ওঠানামা করতে পারবেন না এই বাসের যাত্রীরা। তবে টাইগার পাস থেকে পতেঙ্গা সমুদ্র সৈকতে যাওয়ার ক্ষেত্রে নগরীর জিইসি মোড় ও ২ নম্বর গেট এলাকা থেকেও তৎক্ষণাৎ টিকেট কেটে পর্যটক বাসে ভ্রমণ করতে পারবেন। এই বাসে টাইগার পাস থেকে সরাসরি পতেঙ্গা সমুদ্র সৈকতের ভাড়া ৭০ টাকা। তবে পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে টাইগার পাসে ফিরতি পথের ভাড়া ধরা হয়েছে মাত্র ৩০ টাকা।

এদিকে টাইগার পাস থেকে ডিসি পার্ক যাওয়ার টিকিট রাখা হয়েছে ৪০ টাকা। ডিসি পার্ক থেকে টাইগার পাসে ফিরতি পথেও গুনতে হবে একই ভাড়া। আর ৩০ টাকার টিকিটে ডিসি পার্ক থেকে পতেঙ্গা সমুদ্র সৈকতে যেতে পারবেন পর্যটকরা। তবে ফিরতি পথে পর্যটকদের গুনতে হবে ৭০ টাকা।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss