spot_img

৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

অনলাইন ডেস্ক

সর্বশেষ

নতুন বেতনকাঠামো: প্রথম দুই অর্থবছরে ৫০ শতাংশ করে মূল বেতন

আগামী ১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো বাস্তবায়ন শুরু হচ্ছে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন কমিটির সুপারিশ অনুসরণ করছে সরকার।

কমিটির প্রস্তাব অনুযায়ী, নতুন বেতনকাঠামো তিন অর্থবছরে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। প্রথম ও দ্বিতীয় অর্থবছরে মূল বেতনের ৫০ শতাংশ করে কার্যকর করা হবে। তৃতীয় ধাপে মূল বেতনের সঙ্গে আনুষঙ্গিক ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা সমন্বয় করা হবে। এ প্রস্তাবে প্রধানমন্ত্রী তারেক রহমান নীতিগত সম্মতি দিয়েছেন।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী অর্থবছর থেকে নতুন বেতনকাঠামোর আওতায় কর্মকর্তা-কর্মচারীদের বর্ধিত মূল বেতনের ৫০ শতাংশ কার্যকর হবে। দ্বিতীয় ধাপে মূল বেতনের বাকি ৫০ শতাংশ বাস্তবায়ন করা হবে। এরপর তৃতীয় ধাপে ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুক্ত করা হবে।

এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সচিবালয়ে গত বুধ ও বৃহস্পতিবার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট নিয়ে দুটি বৈঠক অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ওই বৈঠকগুলোতে নতুন বেতনকাঠামো বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়েছে।

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী গণমাধ্যমকে বলেছেন, আগামী অর্থবছর অর্থাৎ ১ জুলাই থেকেই নতুন বেতনকাঠামো বাস্তবায়ন শুরু হবে। এটি কীভাবে সবচেয়ে কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়, সে বিষয়ে কাজ চলছে।

অর্থ বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, নতুন পে স্কেল পুরোপুরি কার্যকর করতে সরকারের অতিরিক্ত প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। এই ব্যয়ের চাপ সামাল দিতেই ধাপে ধাপে বাস্তবায়নের কৌশল নেওয়া হয়েছে।

বর্তমানে দেশে প্রায় ১৪ লাখ কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগীর বেতন-ভাতা বাবদ সরকারের বার্ষিক ব্যয় প্রায় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা। সূত্র: আগামীর সময়

Latest Posts

spot_imgspot_img

Don't Miss