spot_img

১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ভোররাতে চট্টগ্রামে ট্রাফিক পুলিশ বক্সে আগুন

০

চট্টগ্রাম নগরীর হালিশহরে একটি ট্রাফিক পুলিশ বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে জানালার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর চারটার দিকে বড়পোল এলাকার পুলিশ বক্সে এ ঘটনা ঘটে।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, বৃহস্পতিবার ভোর চারটার দিকে দুর্বৃত্তরা পুলিশ বক্সে আগুন দিয়েছিল। বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি। জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান চলমান রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত কয়েক দিনে নগরের বিভিন্ন স্থানে পুলিশ বক্স ও সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গত ১৯ নভেম্বর নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচি চলাকালে বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকায় ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। নগরীর মুরাদপুর এলাকায় ট্রাফিক পুলিশের একটি বক্সেও আগুন দেয় দুর্বৃত্তরা।

চস/স

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

০

ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে (২৪) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকা থেকে ডিবির ওয়ারী বিভাগের একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে।

ডিবি জানায়, গ্রেপ্তার মুনতারিন ফেরদৌস ডরিন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা। তার বাবা প্রয়াত আনোয়ারুল আজীম আনার ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি। ডরিন বর্তমানে রাজধানীর লালমাটিয়ায় বসবাস করেন।

তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি। তবে কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা ডিবির দেওয়া তথ্যে উল্লেখ করা হয়নি।

২০২৪ সালের মে মাসে কলকাতার নিউ টাউনের একটি বিলাসবহুল ভবনে আনার হত্যার ঘটনা ঘটে।

চস/স

জনগণের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনে কঠোর হবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

০

দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখছেন না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক। কোনো ষড়যন্ত্র সফল হবে না। তবে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনে কঠোর হবে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সচিবালয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগের নাশকতা সত্ত্বেও সরকার কোনো রক্তপাত চায়নি। তবে প্রয়োজন হলে জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর হবে।

তিনি আরও বলেন, দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না। নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক। তাদের কোনো ষড়যন্ত্র সফল হবে না।

চস/স

চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা

সংকটের স্থায়ী সমাধান না হওয়ায় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেছেন চুয়েট শিক্ষার্থীরা। কর্মসূচির আওতায় বিশ্ববিদ্যালয়ের সব ব্যাচের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। একই দিন দুপুর ২টায় আইইবি চট্টগ্রাম কেন্দ্রে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবেন তারা।

বুধবার (২৫ নভেম্বর) রাতে আন্দোলনকে আরও বেগবান ও কার্যকর করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সভা শেষে শিক্ষার্থীরা নতুন করে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করেন।

শিক্ষার্থীদের ঘোষণায় বলা হয়, গত দুই মাসেরও বেশি সময় ধরে চলমান আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। এ সময়ে ঘোষিত কর্মসূচিগুলো শান্তিপূর্ণভাবে পালন করা হলেও চুয়েটের বিদ্যমান সংকট নিরসনে এখন পর্যন্ত কোনো কার্যকর ও টেকসই সমাধান পাওয়া যায়নি।

এতে একাডেমিক কার্যক্রমের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকাণ্ডেও অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের। এমন পরিস্থিতিতে সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত বৃহস্পতিবার থেকে ‘কমপ্লিট শাটডাউন’ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ঘোষণায় উল্লেখ করা হয়।

আলোচনা সভা শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।

এ বিষয়ে যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোস্তফা খালিদ বিন শামস বলেন, ‘বিগত দুইটি মাস যাবৎ চুয়েটের চলমান আন্দোলনে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশগ্রহণ করে আসছে। কিন্তু চুয়েটে চলমান সংকট সমাধানে কোনো কার্যকর পদক্ষেপ দেখতে পাওয়া যায়নি। তাই এই সংকটের স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আগামীকাল বৃহস্পতিবার থেকে সকল ব্যাচের সম্মতিক্রমে শিক্ষার্থীদের পক্ষ থেকে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হচ্ছে।’

শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুর ২টায় চট্টগ্রামের ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা। একই দিন চুয়েটের উপাচার্য ইস্যুতে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে আইইবির।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর চুয়েটের তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার পর বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থার সূত্রপাত হয়। এর প্রতিবাদে শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেন। টানা ৩৬ দিন বন্ধ থাকার পর গত ২৮ অক্টোবর একাডেমিক কার্যক্রম শুরু হয়। তবে উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় প্রায় এক মাস পর আবারও ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি ঘোষণা করা হলো।

চস/স

ফ্যাসিস্ট শক্তির সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

০

পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত আছে; তারা কঠোর নজরদারিতে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দল হিসেবে আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। তবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি না সিদ্ধান্ত আদালতের।

কিছু পুলিশ কর্মকর্তার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইতোমধ্যে কয়েকজনকে সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্রদ্রোহ মামলায় তারা কারাগারে আছেন এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলাও রুজু করা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পলাতক, দণ্ডপ্রাপ্ত, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আমরা আগেই অভিহিত করেছি একটি সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে। রাজনৈতিক দল হিসেবে তার কোনো স্বীকৃতি নাই, বাংলাদেশের মানুষ দেবে না। চব্বিশের গণঅভ্যুত্থানে গণহত্যার মাধ্যমে যে পতন হয়েছে তাদের এবং পলায়ন করতে বাধ্য হয়েছে, তাদের নিজস্ব আশ্রয়স্থলে আশ্রয় নিয়েছে- এ বিষয়েও নতুন কোনো বক্তব্য নেই।

তিনি বলেন, আমরা আগেও বলেছি যে গণহত্যা চালিয়ে যে সমস্ত অপশক্তি, মাফিয়া শক্তি, ফ্যাসিস্ট গোষ্ঠী, অগণতান্ত্রিক শক্তি দেশ থেকে বিতাড়িত হয়েছে; পৃথিবীর ইতিহাসে এ রকম আরও দুএকটি ঘটনা আছে, জার্মানির নাৎসি বাহিনীর মতো, তারা আর কখনো রাজনীতি করতে পারেনি।

তিনি আরও বলেন, আমি মহান জাতীয় সংসদেও বলেছি এই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ফ্যাসিস্ট গোষ্ঠী এবং ফ্যাসিবাদী মাফিয়া শক্তি কখনোই আর বাংলাদেশে প্রত্যাবর্তন করতে পারবে না, রাজনীতি করতে পারবে না, গণতান্ত্রিক আচরণ বা গণতান্ত্রিক রাজনীতি করতে পারবে না। সেই আচরণ তাদের মধ্যে কখনো ছিল না। এখন তারা প্রত্যাবর্তন করতে পারে প্রত্যর্পণ চুক্তি অনুসারে, আমরা সংশ্লিষ্ট দেশে আমাদের কূটনৈতিক চ্যানেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা এই পত্র দিয়েছি। তারাও আইনানুগভাবে সেটা পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থা নেবেন বলে বক্তব্য দিয়েছেন।

চস/স

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

প্রধানমন্ত্রী এবং জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ের ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে নতুন প্রকল্প ৫টি, সংশোধিত প্রকল্প ৪টি এবং মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত প্রকল্প ১টি রয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুমোদিত মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১২ হাজার ৭৭৫ কোটি ৯৯ লাখ টাকা, প্রকল্প ঋণ ৮ হাজার ৯৪৪ কোটি ২১ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন ২ হাজার ৩৯০ কোটি ৪৭ লাখ টাকা।

সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মধ্যে রয়েছে আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যান্সার, হৃদরোগ এবং কিডনি চিকিৎসা কেন্দ্র স্থাপন (২য় সংশোধন) প্রকল্প এবং যশোর, কক্সবাজার, পাবনা ও নোয়াখালীতে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল ও আনুষঙ্গিক ভবন নির্মাণসহ জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের ১১ ও ১২ তলা ঊর্ধ্বমুখী সম্প্রসারণ (২য় সংশোধন) প্রকল্প।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় চরফ্যাশন উপজেলায় বাংলাদেশ দারিদ্র্য বিমোচন সংস্থা স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন শীর্ষক প্রকল্পের চতুর্থবারের মতো মেয়াদ বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তিনটি প্রকল্প অনুমোদিত হয়েছে, যেগুলোর মধ্যে রয়েছে পাবনা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (পিডিআরআইডিপি) প্রকল্প, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প এবং নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প (প্রস্তাবিত ২য় সংশোধন)।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ (২য় পর্যায়) (৩য় সংশোধিত) (প্রস্তাবিত ৪র্থ সংশোধন) প্রকল্পও অনুমোদন পেয়েছে। পাশাপাশি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দুটি প্রকল্প পাস হয়েছে, যার একটি আরইবির আওতায় ঢাকার পার্শ্ববর্তী ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার ক্ষমতাবর্ধন প্রকল্প এবং অন্যটি চট্টগ্রাম ও সিলেট বিভাগে আরইবির বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন প্রকল্প। এছাড়া পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতায় কক্সবাজার জেলার পেকুয়া উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ ব্যবস্থার উন্নয়নে উপকূলীয় পোল্ডার নম্বর ৬৪/২এ এবং ৬৪/২বি পুনর্বাসন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

একনেক সভায় পরিকল্পনামন্ত্রীর ক্ষমতাবলে ইতিমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত সাতটি প্রকল্প সম্পর্কেও সভাকে অবহিত করা হয়। এসব প্রকল্পের মধ্যে রয়েছে চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ, জলমগ্নতা ও জলাবদ্ধতা নিরসন ও নিষ্কাশন উন্নয়ন (২য় সংশোধনী) প্রকল্প, ফ্লাড রিকনস্ট্রাকশন ইমারজেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট (ফ্রিপ), কেন্দ্রীয় প্যাকিং হাউজে স্থাপিত উদ্ভিদ সংগনিরোধ ল্যাবরেটরিকে আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবরেটরিতে রূপান্তর প্রকল্প, ময়মনসিংহ বিভাগে মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প, বাংলাদেশের অভ্যন্তরীণ জলাশয়ের মৎস্যসম্পদের জরিপ পদ্ধতির উন্নয়ন প্রকল্প, ভেনম রিসার্চ সেন্টার বাংলাদেশ শক্তিশালীকরণ প্রকল্প এবং পিরোজপুরের ভান্ডারিয়ায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন প্রকল্প।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম, পানি সম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চস/স

মকসুদপুর থানায় আগুনের অভিযোগে অতিরিক্ত এসপি গ্রেপ্তার

০

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় আগুন দেয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে তিনি ময়মনসিংহের এসআরবি-১৪ কার্যালয়ে কর্মরত রয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত আটটার দিকে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল ময়মনসিংহের সেই এসআরবি-১৪ দপ্তর থেকেই তাকে ধরে নিয়ে যায়।

আবুল হাসান ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়। তিনি চব্বিশের ৫ আগস্টের আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তাকে এসআরবিতে বদলি করা হয়।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তার কথাবার্তা ও অভিব্যক্তিতে অগ্নিসংযোগের ঘটনায় সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।

চস/স

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ

০

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণ নিয়ে মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে ঐকমত্য না হওয়ায় শেষ পর্যন্ত ভোটাভুটির মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছে নিম্নতম মজুরি বোর্ড। এতে সর্বনিম্ন গ্রেডের বা গ্রেড-৪ শ্রমিকদের মাসিক নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব গৃহীত হয়েছে। বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকার পক্ষে এবং দুজন ১৮ হাজার টাকার পক্ষে ভোট দিয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ডের চতুর্থ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় দীর্ঘ আলোচনা করেও মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা মজুরির একটি নির্দিষ্ট অঙ্কে একমত হতে পারেননি। পরে বোর্ডের সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে গোপন ভোটের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা হয়।

নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী আজ ভোরের এক বিফ্রিংয়ে তা জানান।

তিনি বলেন, বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকা নির্ধারণের পক্ষে ভোট দিয়েছেন। বাকি দুজন ১৮ হাজার টাকা নির্ধারণের পক্ষে মত দেন। ফলে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থনে ১৭ হাজার টাকা নিম্নতম মজুরি নির্ধারণের প্রস্তাব গৃহীত হয়।

তিনি আরও বলেন, নতুন কাঠামো অনুযায়ী প্রথম গ্রেডে ২১ হাজার ৫০০, দ্বিতীয় গ্রেডে ২০ হাজার এবং তৃতীয় গ্রেডে ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন এই মজুরি কাঠামো কার্যকর হবে। ফলে ডিসেম্বর মাসের কাজের বিপরীতে আগামী জানুয়ারি মাসে পরিশোধ করা বেতনের সঙ্গে শ্রমিকরা নতুন কাঠামো অনুযায়ী মজুরি পাবেন।

বোর্ড চেয়ারম্যান জানান, চারটি গ্রেডের মধ্যে প্রথম তিনটির মজুরি মালিক ও শ্রমিকপক্ষের সর্বসম্মতিক্রমে নির্ধারিত হয়েছে। তবে সর্বনিম্ন গ্রেডের মজুরি নিয়ে দুই পক্ষ একমত হতে না পারায় ‘বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫’-এর ১২৯(২) বিধি অনুসরণ করে গোপন ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে শ্রমিকপক্ষের সর্বশেষ সংশোধিত প্রস্তাব ছিল ১৮ হাজার টাকা এবং মালিকপক্ষের প্রস্তাব ছিল ১৬ হাজার টাকা। ভোটাভুটিতে বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন মধ্যবর্তী অঙ্ক অর্থাৎ ১৭ হাজার টাকার পক্ষে এবং শ্রমিকপক্ষের দুজন প্রতিনিধি ১৮ হাজার টাকার পক্ষে ভোট দেন। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে চতুর্থ গ্রেডের মজুরি ১৭ হাজার টাকা চূড়ান্ত হয়।

নতুন কাঠামো অনুযায়ী সর্বোচ্চ গ্রেডে মাসিক মজুরি ২১ হাজার ৫০০ টাকা এবং সর্বনিম্ন গ্রেডে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। গ্রেড-১ এ মাসিক মজুরি ২১ হাজার ৫০০ টাকা, গ্রেড-২ এ ২০ হাজার টাকা, গ্রেড-৩ এ ১৯ হাজার ২০০ টাকা এবং গ্রেড-৪ এ ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

চেয়ারম্যান জানান, পুরোনো বেতন কাঠামোর সঙ্গে নতুন মজুরি সমন্বয়ের ক্ষেত্রে ন্যূনতম ২ হাজার টাকা বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। যেসব শ্রমিক বর্তমানে নির্ধারিত ন্যূনতম মজুরির চেয়ে বেশি বেতন পাচ্ছেন, তাদের ক্ষেত্রেও ন্যূনতম ২ হাজার টাকা সমন্বয় করা হবে। ফলে সব পর্যায়ের শ্রমিকরাই এর সুফল পাবেন। এ ছাড়া শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিস শ্রমিকদের মজুরি ও বার্ষিক ইনক্রিমেন্টের বিষয়টি খসড়া সুপারিশ তৈরির সময় কারিগরি দিক বিবেচনা করে নির্ধারণ করা হবে।

বোর্ড চেয়ারম্যান জানান, দ্রুততম সময়ের মধ্যে খসড়া সুপারিশ চূড়ান্ত করে গেজেট প্রকাশের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হবে। গেজেটে গ্রেডভিত্তিক মজুরি, বেতন সমন্বয় এবং কার্যকরের বিষয়গুলো স্পষ্ট করা থাকবে। এরপর কারখানাগুলোকে নতুন কাঠামো অনুযায়ী বেতন-ভাতা পরিশোধ করতে হবে।

তবে বোর্ডের এই সিদ্ধান্ত সর্বনিম্ন গ্রেডের মজুরি নির্ধারণের প্রস্তাব গ্রহণসংক্রান্ত। চূড়ান্ত মজুরি কার্যকরের বিষয়ে পরবর্তী আনুষ্ঠানিক প্রক্রিয়া ও গেজেট প্রকাশের বিষয়টি গুরুত্বপূর্ণ।

বোর্ডের সিদ্ধান্তে শ্রমিকপক্ষের প্রতিনিধিত্বকারী সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বাবুল আখতার ও আনোয়ার হোসাইন। মালিকপক্ষের প্রতিনিধিত্ব করেন আসিফ আইয়ুব ও অধিত্রম সামছুদ্দিন। নিরপেক্ষ সদস্য ছিলেন ড. মোসলেহ উদ্দিন আহমদ। সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।

চস/স

ফটিকছড়িতে এলোপাথাড়ি গুলি: দায় স্বীকার ‘সন্ত্রাসী’ রায়হানের

চট্টগ্রামের ফটিকছড়ির সুয়াবিলে সিএনজি অটোরিকশায় অস্ত্রধারীদের এলোপাথাড়ি গুলিতে তিন পথচারী আহত হওয়ার ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন রায়হান আলম। রায়হানের বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।

মঙ্গলবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ঘটনাটি নিজের ‘আত্মরক্ষা’ বলে দাবি করেন তিনি। সোমবার রাতে সুয়াবিল ইউনিয়নের চুরখাঁরহাট এলাকায় এ গুলির ঘটনা ঘটে।

পোস্টে রায়হান লিখেছেন, সোমবার রাতে সুয়াবিল থেকে সিএনজি অটোরিকশায় করে যাওয়ার সময় স্থানীয় কয়েকজন বিএনপি নেতা-কর্মী আওয়ামী লীগ সমর্থক মনে করে তাঁর গাড়ি থামানোর চেষ্টা করেন। সে সময় নিজের সুরক্ষার্থেই তিনি গুলি চালাতে বাধ্য হন। আটকানোর চেষ্টা করা ব্যক্তিদের সঙ্গে তাঁর পূর্ব কোনো বিরোধ ছিল না দাবি করে তিনি বলেন, “শান্তভাবে যাচ্ছিলাম, রাস্তা আটকাবি কেন? যাদের গুলি লেগেছে তাঁদের ভয় পাওয়ার কিছু নেই। আপনাদের সাথে আমার ঝামেলা সেখানেই শেষ।” একই সঙ্গে ভবিষ্যতে কারও গাড়ি থামানোর আগে ভেতরের ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়ার পরামর্শ দেন তিনি।

আহতদের মধ্যে অসহায় বা আর্থিক সংকটে থাকা ব্যক্তিদের সহায়তা করার আশ্বাস দিয়ে নিজের ‘ইনবক্সে’ যোগাযোগ করার অনুরোধও জানান একাধিক মামলার এই আসামি।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ জানান, সোমবার রাতে পুলিশি তৎপরতার খবর পেয়ে রায়হান তাঁর দলবল নিয়ে মোটরবাইক ও সিএনজি অটোরিকশাযোগে ফটিকছড়ি সদরের দিকে যাচ্ছিলেন। চুরখাঁর বাজারের কাছে পৌঁছালে স্থানীয়রা মোটরবাইকে থাকা রায়হানকে চিনে ফেলে এবং আটকানোর চেষ্টা করে। তখনই আত্মরক্ষার বাহানায় রায়হান ও তাঁর সহযোগীরা পথচারীদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে দ্রুত পালিয়ে যায়। পুলিশ এ ঘটনায় সম্পৃক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।

চস/স

জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে হত্যার অভিযোগ

০

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে অন্তত ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ তুলে ধরেছে রাষ্ট্রপক্ষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম ও মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপনকালে এ তথ্য নিশ্চিত করা হয়।

সাক্ষীদের বিবরণ অনুযায়ী, জিয়াউল আহসান বিভিন্ন সময়ে ১৫০ থেকে ২০০ জনকে নির্বিচারে হত্যার সঙ্গে জড়িত ছিলেন, যার মধ্যে ১১৫ জনকে ইতোমধ্যে শনাক্ত করা সম্ভব হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মামলাটির প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপনকালে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এসব তথ্য তুলে ধরেন। আদালতে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

যুক্তিতর্কে চিফ প্রসিকিউটর জানান, সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়াসহ বেশ কয়েকজন সামরিক কর্মকর্তার সাক্ষ্য আদালতে উপস্থাপন করা হয়েছে। সাক্ষীদের বর্ণনায় উঠে এসেছে যে, জিয়াউল আহসান সর্বেশেষেই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিলেন। তৎকালীন সেনাপ্রধানও তাকে নিয়ন্ত্রণে রাখতে পারতেন না। শেখ হাসিনা এবং তার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের সরাসরি আশ্রয়-প্রশ্রয়েই জিয়াউল এসব কর্মকাণ্ড চালাতেন। মূলত রাজনৈতিক বিরোধীদের দমন-পীড়নে শেখ হাসিনার নির্দেশেই তিনি অপরাধমূলক অভিযান পরিচালনা করতেন।

মামলার বিচারে ফৌজদারি আইনের বিধান অনুযায়ী জিয়াউল আহসানের কয়েকজন সামরিক সহযোগীকে ‘অ্যাকমপ্লিস উইটনেস’ বা অপরাধের সহযোগী সাক্ষী (রাজসাক্ষী) হিসেবে উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ। প্রসিকিউশন জানায়, ওই কর্মকর্তারা অনেক ঘটনার প্রত্যক্ষদর্শী হওয়ায় তাদের সাক্ষ্য মামলার মোড় ঘুরিয়ে দিয়েছে।

এ ছাড়া যুক্তিতর্কে র‍্যাবের সাবেক কমান্ডার সোহায়েলের কর্মকাণ্ডও তুলে ধরা হয়। অভিযোগ করা হয়, সোহায়েল তার অনুগত কয়েকজন সাংবাদিককে সঙ্গে নিয়ে অভিযানে যেতেন এবং প্রকৃত ঘটনা গোপন রেখে নিজেদের ইচ্ছেমতো সংবাদ প্রচার করাতেন।

যুক্তিতর্ক শেষে ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, “রাষ্ট্রের পক্ষ থেকে বিচার নিশ্চিত করতে গিয়ে এমন কিছু তথ্য তুলে ধরতে হচ্ছে, যা শুনে দু-একজন ব্যক্তির অপরাধের কারণে সেনাবাহিনীর প্রতি মানুষের আস্থায় আঘাত লাগতে পারে। তবে আমাদের উদ্দেশ্য হলো অপরাধের ন্যায়বিচার নিশ্চিত করা, যাতে ভবিষ্যতে কেউ পদের অপব্যবহার করে এমন ঘৃণ্য অপরাধ করার সাহস না পায়।”

তিনি আরও জানান, আগামীতে যুক্তিতর্ক উপস্থাপনের সময় তিনি বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক ও দেশীয় ট্রাইব্যুনালে এ ধরনের গুরুতর অপরাধের বিচারের নজির ও দৃষ্টান্ত তুলে ধরবেন।

উল্লেখ্য, বাংলাদেশের ইতিহাসে গুমের ঘটনায় এটিই প্রথম মামলা, যার যুক্তিতর্ক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

চস/স