দীর্ঘ ১৮ দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকার উদ্দেশে ওয়াশিংটন ডিসি ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (২ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে (বাংলাদেশ সময় সোমবার ভোর সাড়ে ৪টা) ওয়াশিংটন ডিসি ত্যাগ করে প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহন করা একটি ভিভিআইপি ফ্লাইট।
এর আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশন এবং যুক্তরাজ্যের লন্ডনে রাণী দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে গত ১৫ সেপ্টেম্বর সকালে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী।
রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগ দিতে ১৫ সেপ্টেম্বর লন্ডন যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডনে অবস্থানকালে তিনি ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লসের সংবর্ধনা এবং রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেন। সেখান থেকে ১৯ সেপ্টেম্বর নিউইয়র্ক যান প্রধানমন্ত্রী। নিউইয়র্ক সফরকালে ২০ সেপ্টেম্বর সকালে জাতিসংঘ সদর দপ্তরে মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস এবং সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এদিন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের উদ্বোধনী পর্বে অংশ নেন। এছাড়া স্লোভেনিয়ার প্রেসিডেন্ট বরুত পাহরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। জাতিসংঘের উদ্বাস্তুবিষয়ক উচ্চপর্যায়ের হাইকমিশনার ফিলিপো গ্র্যান্ডি এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
২২ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ অধিবেশনের সাইড লাইনে রোহিঙ্গা বিষয়ক উচ্চপর্যায়ের একটি অনুষ্ঠানে অংশগ্রহণসহ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ যৌথ ব্যবসায়ী সমিতির সঙ্গে গোলটেবিল এবং অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বিষয়ক বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী। এদিন তিনি কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হু সেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এছাড়া তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আইওএম’র মহাপরিচালক অ্যান্তেনিও ভিটোরিনো এবং আইসিসি প্রসিকিউটর নিক ক্লেগ ও করিম খান।
২৩ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষণে তিনি জবরদস্তিমূলক অর্থনৈতিক নিষেধাজ্ঞা, পালটা-নিষেধাজ্ঞার মতো বৈরী পন্থা পরিহার করে পারস্পরিক আলাপ-আলোচনার মাধ্যমে সংকট ও বিরোধ নিষ্পত্তির মধ্য দিয়ে শান্তিপূর্ণ ও টেকসই পৃথিবী গড়ে তোলার আহ্বান জানান।
২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে (ভার্চুয়াল) অনুষ্ঠানে যোগ দেন শেখ হাসিনা। এরপর বিকালে নিউইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসিতে যান এবং ২ অক্টোবর পর্যন্ত সেখানে অবস্থান করেন প্রধানমন্ত্রী।
চস/এস


