ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলায় জামিন শুনানির জন্য আগামী ৬ জুলাই দিন ধার্য করেছেন আদালত। একই দিন মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান এ দিন ধার্য করেন।
সূত্রে জানা গেছে, আজ (মঙ্গলবার) একই আদালতে সম্রাটের জামিন শুনানি এবং তার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু সম্রাট অসুস্থ থাকায় আদালতে তাকে হাজির না করে হাজতি পরোয়ানা পাঠায় কারা কর্তৃপক্ষ। এরপর বিচারক নতুন দিন ধার্য করেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সম্রাটের আইনজীবী আফরোজা শাহানাজ পারভীন (হীরা)। এর আগে, ২৪ মে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন সম্রাট।
অন্যদিকে, দুদকের আইনজীবী তার জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান। একই সঙ্গে ৯ জুন জামিন শুনানির জন্য ধার্য করা হয়। সম্রাটের আইনজীবী তাকে অ্যাম্বুলেন্সে কারাগারে পাঠানোর আবেদন করেন। আদালত আইনজীবীর আবেদন নামঞ্জুর করে পুলিশ পিকআপে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
এরপর গত ১৮ মে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এ মামলায় সম্রাটের জামিন বাতিল করেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। একই সঙ্গে সাত দিনের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়।
উল্লেখ্য, ২০১৯ সালের ১২ নভেম্বর দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সম্রাটের বিরুদ্ধে মামলা দায়ের করেন দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম। একই বছরের ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
চস/স


