করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৪৩ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত এটিই একদিনে সর্বোচ্চ মৃত্যু।
এর আগে গত ২৭ জুন সর্বোচ্চ ১১৯ জনের মৃত্যু হয়েছিল। এরপর ৩০ জুন ১১৫ জন মারা গিয়েছিলেন। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৪ হাজার ৬৪৬ জনের।
গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮ হাজার ৩০১ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ লাখ ২১ হাজার ৫৫৯ জনে।
বৃহস্পতিবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, সরকারি ও বেসরকারি ৫৬৬টি ল্যাবরেটরিতে গত ২৪ ঘণ্টায় ৩২ হাজার ৯২৪টি নমুনা সংগ্রহ হয় এবং ৩২ হাজার ৫৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা হয়েছে ৬৬ লাখ ৪০ হাজার ৯৮২টি।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২৫ দশমিক ৯০ শতাংশ। আর এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৮৮ শতাংশ। এছাড়া রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৮৯ দশমিক ০৮ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় যে ১৪৩ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৯০ জন এবং নারী ৫৩ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০৯ জন, বেসরকারি হাসপাতালে ২৩ জন এবং বাসায় ১১ জনের মৃত্যু হয়েছে।
বয়সের হিসাবে শূন্য থেকে ১০ বছরের একজন, ১০ বছরের বেশি বয়সী একজন, ত্রিশোর্ধ্ব ১১ জন, চল্লিশোর্ধ্ব ১৮ জন, পঞ্চাশোর্ধ্ব ৪২ জন এবং ষাটোর্ধ্ব ৭০ জন মারা গেছেন।
এদের মধ্যে ঢাকা বিভাগের ৩৫ জন, চট্টগ্রামের ১৫ জন, রাজশাহীর ১৯ জন, খুলনার ৪৬ জন, বরিশালের আটজন, সিলেট বিভাগে সাতজন, রংপুরের ১০ জন এবং ময়মনসিংহ বিভাগের তিনজন ছিলেন।
চস/স


