বান্দরবানে পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে যাওয়ার ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
রোববার (২২ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের একটি বাস পাহাড়ি সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসটিতে চালক, সুপারভাইজার ও হেলপারসহ মোট ৪৩ জন যাত্রী ছিলেন, যারা বান্দরবানে ভ্রমণের উদ্দেশ্যে যাচ্ছিলেন।
দুর্ঘটনার পরপরই স্থানীয়দের উদ্যোগে উদ্ধার তৎপরতা শুরু হয়। সুয়ালক কেন্দ্রীয় জামে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসীকে সহায়তার জন্য আহ্বান জানানো হয়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে দ্রুত বান্দরবান সদর হাসপাতালে পাঠান।
খবর পেয়ে বাংলাদেশ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশ নেন।
চস/স


