কক্সবাজারের টেকনাফে যৌথ বাহিনীর এক বিশেষ অভিযানে মাটির নিচে পুতে রাখা ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া মন্দির সংলগ্ন কেওড়া বাগানে এ অভিযান চালায় এসআরবি ও বিজিবি। তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় মাদক কারবারিরা।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া জানান, কেওড়া বাগানে ইয়াবার একটি বড় চালান মজুত করার সংবাদের ভিত্তিতেই তারা অভিযানটি পরিচালনা করেন। বাগানে ব্যাপক তল্লাশি চালিয়ে মাটির নিচ থেকে এই বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা সম্ভব হয়।
উদ্ধার করা ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক মাদক কারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
চস/স


