ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে মাঝারি মাত্রার এক ভূমিকম্পে ২০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। ওই ভূমিকম্পে আরও কয়েকশ মানুষ আহত হয়েছেন। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৫ দশমিক ৬।
সোমবার (২১ নভেম্বর) ওই ভূমিকম্পে এই প্রদেশের শত শত বাড়িঘর ভেঙে পড়েছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।
স্থানীয় এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, পশ্চিম জাভায় ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে প্রায় ২৪ জন মানুষ নিহত হয়েছেন।
পশ্চিম জাভার সিয়াঞ্জুর শহর এই ভূমিকম্পের কেন্দ্র ছিল বলে সেখানকার সরকারি কর্মকর্তা হারমান সুহারম্যান জানিয়েছেন। স্থানীয় টেলিভিশন চ্যানেল মেট্রো টিভিকে তিনি বলেছেন, ভূমিকম্পে এখন পর্যন্ত ২০ জনের বেশি মানুষ মারা গেছেন। এছাড়া আকস্মিক এই কম্পনে আরও ৩০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। আহতদের উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হয়েছে।
তবে ভূমিকম্পে ধসে পড়া ঘরবাড়ির নিচে এখনও অনেকে চাপা পড়েছেন। যে কারণে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে সতর্ক করে দিয়েছেন হারমান। চাপা পড়া লোকজনকে উদ্ধারে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন জাভার এই কর্মকর্তা।
চস/স


