কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল–থানি বিশ্বকাপ ফুটবল শেষে ঢাকায় আসছেন। তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণ পত্র গ্রহণ করেছেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আলি মাহদি সাঈদ আল-কাহতানি।
মঙ্গলবার (২৫ অক্টোবর) ঢাকায় নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করতে এসে এ বার্তা দেন।
রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রীকে জানান, কাতারের আমির ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের পর ঢাকা সফরে আসার জন্য বাংলাদেশের রাষ্ট্রপতির আমন্ত্রণ গ্রহণ করেছেন। বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে তিনি খুব আগ্রহী।
এসময় ফিফা বিশ্বকাপের একটি রেপ্লিকা পররাষ্ট্রমন্ত্রীর হাতে হস্তান্তর করেন রাষ্ট্রদূত।
সাক্ষাৎকালে ড. মোমেন রাজনৈতিক, অর্থনৈতিক, প্রতিরক্ষা, জনশক্তি ও বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও কাতারের মধ্যে চলমান দ্বিপাক্ষিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন।
মন্ত্রী কাতারে ডাক্তার, নার্স, ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ানসহ জনশক্তি নিয়োগের বিষয়ে রাষ্ট্রদূতকে বাংলাদেশিদের জন্য কোটা বাড়ানোর অনুরোধ করেন।
প্রতিউত্তরে রাষ্ট্রদূত আগামী দিনে বাংলাদেশের পক্ষে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।
চস/স


